ভারতে আসছে Motorola Edge 70 Neo, প্রকাশ্যে ফোনের ডিজাইন

মুম্বই: ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Motorola Edge 70 Neo। সম্প্রতি নতুন এই স্মার্টফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে Motorola। পাশাপাশি, ফোনটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও চালু…
মুম্বই: ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Motorola Edge 70 Neo। সম্প্রতি নতুন এই স্মার্টফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে Motorola। পাশাপাশি, ফোনটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও চালু হয়েছে Flipkart-এ। সেখান থেকে প্রকাশ্যে এসেছে ফোনের ডিজাইন এবং ক্যামেরা সংক্রান্ত কিছু তথ্য। Edge 70 সিরিজের ষষ্ঠ সদস্য হিসেবে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।
প্রকাশ্যে এল Motorola Edge 70 Neo-এর ডিজাইন
X-এ একটি পোস্টের মাধ্যমে নতুন Edge 70 সিরিজের ফোনের ভারতে লঞ্চের ইঙ্গিত দিয়েছে Motorola। অন্যদিকে, Flipkart-এ চালু হওয়া মাইক্রোসাইটে ব্যবহার করা হয়েছে ‘Your feed is about to enter a NEO era’ ট্যাগলাইন। এতে ফোনটির নাম সরাসরি উল্লেখ না করা হলেও, Motorola Edge 70 Neo-এর ভারতীয় লঞ্চের বিষয়টি কার্যত স্পষ্ট হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে Edge সিরিজের পরিচিত স্টাইল বজায় রাখছে সংস্থাটি। ফোনটির পিছনে থাকবে বাঁকানো প্যানেল এবং গোলাকার কোণ। পিছনের দিকে বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউলে রয়েছে তিনটি ক্যামেরা কাটআউট। তবে প্রকাশিত মার্কেটিং ছবি অনুযায়ী, ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
৫০ মেগাপিক্সেলের Sony ক্যামেরা
Motorola Edge 70 Neo-এর প্রধান আকর্ষণ হতে পারে এর ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এতে Sony LYTIA সেন্সর ব্যবহার করা হবে বলে মাইক্রোসাইটের তথ্য থেকে জানা যাচ্ছে। পাশাপাশি, উন্নত ছবি তোলার জন্য থাকবে Optical Image Stabilisation বা OIS এবং Ultra HDR সাপোর্ট।
সামনের দিকে ডিসপ্লের উপরে থাকবে হোল-পাঞ্চ কাটআউট। এর মধ্যেই সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ফোনটির ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল রাখা হয়েছে। বাঁ দিকটি তুলনামূলকভাবে পরিষ্কার। পিছনের প্যানেলের মাঝখানে থাকবে Motorola-র ব্র্যান্ডিং। প্রকাশিত ছবিতে ফোনটিকে সবুজ রঙে দেখা গিয়েছে।
সম্ভাব্য ডিসপ্লে ও প্রসেসর
আগের একটি রিপোর্টে Motorola Edge 70 Neo-এর সম্ভাব্য হার্ডওয়্যার সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছিল। সেই দাবি অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির 1.5K ডিসপ্লে। স্ক্রিনে সর্বোচ্চ ১৪৪Hz রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass 7i সুরক্ষা থাকার সম্ভাবনা রয়েছে।
পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে অক্টা-কোর Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর। এর সঙ্গে ৭,০০০mAh ব্যাটারি থাকার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে Motorola এখনও এই স্পেসিফিকেশনগুলি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
৬ জিবি ও ৮ জিবি RAM-এর বিকল্প
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Motorola Edge 70 Neo দুটি RAM বিকল্পে পাওয়া যেতে পারে। এর মধ্যে থাকবে ৬ জিবি এবং ৮ জিবি RAM। স্টোরেজের ক্ষেত্রে ১২৮ জিবি ও ২৫৬ জিবি, এই দুটি বিকল্প থাকতে পারে।
ফোনটির ওজন প্রায় ২০৪ গ্রাম হতে পারে। ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং থাকার সম্ভাবনাও রয়েছে।
Flipkart-এ মিলবে ফোনটি
Motorola-র চালু করা মাইক্রোসাইটে জানানো হয়েছে, Edge 70 Neo কেনার জন্য Flipkart একটি বিক্রয় প্ল্যাটফর্ম হবে। তবে ভারতে ফোনটির নির্দিষ্ট লঞ্চের তারিখ, দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, Motorola Edge 70 Neo বাজারে এলে এটি Edge 70, Edge 70 Fusion, Edge 70 Pro, Edge 70 Pro+ এবং Edge 70 Max-এর সঙ্গে সিরিজে যুক্ত হবে। এখন দেখার বিষয়, ৭,০০০mAh ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং Sony ক্যামেরা সেন্সর নিয়ে ভারতের বাজারে ফোনটির দাম কত রাখা হয়।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel