তিনটি ট্রাকে কমিশনে গেল ৩২ এমএলএ, ১৭ এমপির হলফনামা, সময় মেনে নথি দিল মমতা
এই সময়, নয়াদিল্লি: দলের নাম ও প্রতীক নিয়ে লড়াইয়ে রবিবার পূর্বনির্ধারিত সময়সীমা মেনে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে তিন ট্রাক নথি জমা করল কালীঘাট তৃণমূল শিবির৷ এ দিন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এবং লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই নথি জমা করা হয় ইসিতে।
কালীঘাট তৃণমূল সূত্রের দাবি, এই নথির পাহাড়ের মধ্যে আছে ১৯৯৮–এর ১ জানুয়ারি দলের জন্মলগ্ন থেকে সঙ্গে থাকা ৬ প্রতিষ্ঠাতা সদস্যের হলফনামাও৷ এর পাশাপাশি লোকসভার ৮, রাজ্যসভার ৯ মিলিয়ে মোট ১৭ জন দলীয় সাংসদও নিজেদের সাক্ষরিত হলফনামা জমা দিয়েছেন৷ পেশ করা হয়েছে ৩২ জন বিধায়কের সাক্ষরিত হলফনামাও৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রতি আনুগত্য প্রকাশ করে দু’লক্ষ প্রাইমারি সদস্যও কমিশনের কাছে তাদের সমর্থন জানিয়ে দিয়েছেন লিখিত ভাবে৷ বৈধতা নিশ্চিত করার জন্য প্রত্যেকটি হলফনামার সঙ্গে যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও ভোটার কার্ডের প্রতিলিপি৷
এর আগে ৬ নভেম্বর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে ৯টি ট্রাক ভরে নথি জমা দেওয়া হয়েছিল কমিশনে৷ কালীঘাট শিবিরের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রতিপক্ষের নথির প্রতিলিপি তাদের দেওয়া হয়নি। সূত্রের খবর, ঋতব্রত শিবির কমিশনকে জানিয়েছে, ওই নথি কালীঘাটপন্থী তৃণমূলকে দেওয়া সম্ভব নয়। কারণ ওই নথি প্রকাশ্যে এলে তাতে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের উপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি হতে পারে।
কালীঘাটপন্থী তৃণমূলের পাল্টা দাবি, তৃণমূলের সংবিধান অনুযায়ী দলের চেয়ারপার্সনের হাতে যাবতীয় ক্ষমতা থাকে। ২০২২ থেকে ২০২৭ পর্যন্ত দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কার্যকরী সমিতির সদস্য ২২। কিন্তু গণতান্ত্রিক তৃণমূলের কোনও সদস্য এই মুহূর্তে তৃণমূলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য নন।
এ দিকে, রবিবার কালীঘাট তৃণমূলের তরফে যে ভাবে ৩২ বিধায়কের হলফনামা পেশে দাবি জানানো হয়েছে, তার পরে ঋতব্রত শিবিরের বিধায়ক সংখ্যা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়ক ৮০৷ বিধায়কদের শিবির পরিবর্তনের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির যখন বারবারই তাদের সঙ্গে ৬০ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি জানাচ্ছে, তখন কালীঘাট শিবির কী ভাবে ৩২ বিধায়কের সমর্থন পাওয়ার তথ্য দিচ্ছে, সেই নিয়ে জল্পনা বাড়ছে। উভয়পক্ষের নথি বিবেচনা করে কমিশন পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সবার নজর৷