জলাশয় ভরেছে কচুরিপানায়, হতাশ পক্ষীপ্রেমীরা
সূর্যকান্ত কুমার, কালনা
শীত পড়লেই আনাগোনা শুরু পরিযায়ী পাখিদের। হাজির হন পক্ষীপ্রেমী পর্যটকরাও। কিন্তু পূর্বস্থলীর চুপির পাখিরালয়ের জলাশয় কচুরিপানায় ভরে ওঠায় বিদেশি পরিযায়ী পাখিদের সঙ্গে হতাশ পর্যটকরাও।
সাধারণত জলাশয়ে নৌকোয় ঘুরে পাখি দেখেন পর্যটকরা। কিন্তু কচুরিপানার কারণে নৌকো নিয়ে যেতে পারছেন না মাঝিরা। পর্যটকরা এসে কচুরিপানায় ভরা জলাশয় দেখে ফিরছেন। মরশুমের শুরুতেই এই পরিস্থিতি দেখে চিন্তার দুশ্চিন্তায় নৌকোর মাঝি–সহ পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজন। তাঁরাও চান, দ্রুত কিছুটা কচুরিপানা সরানো হোক। প্রশাসনিক সূত্রে খবর, ওয়াচটাওয়ার, মিউজ়িয়াম–সহ পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মূল গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে ছাড়িগঙ্গা বলে পরিচিত প্রায় ১১ কিলোমিটার লম্বা, অশ্বখুরাকৃতি জলাশয়ে গত ৩০ বছর ধরে শীতে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। পূর্বস্থলীর চুপি ও কাষ্ঠশালীতে শীতে দেখা যায় লেসার হুইসলিং ডাক, রেড ক্রেস্টেড পোচার্ড, অস্প্রে, মুরহেন, কটন টিল, লিটল গ্রিব–সহ বেশ কিছু প্রজাতির দেশি–বিদেশি পরিযায়ী পাখি। পাখির টানেই এখানে হাজির হন পর্যটকরা। স্থানীয় মাঝিরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নদীতে ঘুরিয়ে পাখি দেখান তাঁদের।
সাম্প্রতিক সময়ে পক্ষীপ্রেমীদের অন্যতম গন্তব্য চুপির পাখিরালয়। কিন্তু কয়েক বছর ধরে পাখিরালয়ের জলাশয়ে কচুরিপানার প্রবণতা দেখা যাচ্ছে। গত বছর মাঝিরা নিজেদের উদ্যোগে কচুরিপানা পরিষ্কার করলেও এ বার তার মাত্রা এতটাই বেড়েছে যে, মাঝিদের পক্ষে তা আর সরানো সম্ভব নয়।
সাহাবুদ্দিন শেখ নামে এক মাঝি বলছিলেন, ‘১৫ বছর ধরে নৌকোয় পর্যটকদের ঘোরাচ্ছি। কিন্তু এ বার জলাশয়ে কচুরিপানা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আগে আমরা তা সাফ করেছি। এ বার তার পরিমাণ এতটাই বেড়েছে যে, সেটা আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভভ নয়।’ অন্য এক মাঝি হায়দার বিশ্বাসের বক্তব্য, ‘রেড ক্রেস্টেড পোচার্ড, অস্প্রের মতো পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। পক্ষীপ্রেমীরা এ দিক দিয়ে নৌকোয় যেতে না–পেরে নদিয়ার দিক দিয়ে নৌকোয় চাপছে। এমন হলে ক্ষতির মুখে পড়তে হবে।’ জলাশয়ে এত কচুরিপানা যে, পাখিরা স্বাচ্ছন্দ্যবোধ করছে না।