০১২৩৪…ট্রেনের টিকিটের ৫ ডিজিট দেখেই কী ভাবে জানবেন কোনটি মেল, এক্সপ্রেস না প্যাসেঞ্জার ?

‘যাত্রীরা অপেক্ষা করুন, ট্রেন নম্বর ১২০০১… প্ল্যাটফর্মে আসছে’। ট্রেন ধরতে গেলে মাইকে এই ঘোষণা অনেকেই শুনেছেন। ট্রেনে যাতায়াতের সময়ে টিকিটে, রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে বা ট্রেনের সামনের ও পাশের দিকে পাঁচ অঙ্কের একটি নম্বর নিশ্চয়ই অনেকে দেখেছেন।

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই পাঁচটি সংখ্যার অর্থ কী? কেন প্রতিটি ট্রেনের জন্য আলাদা নম্বর ব্যবহার করা হয়? এমনকী এই নম্বর দেখে আপনি চিনতেও পারবেন কোনটি এক্সপ্রেস ট্রেন ও কোনটি মেল ট্রেন বা মেমু ট্রেন। ০-৯ পর্যন্ত বিভিন্ন ধরনের সংখ্যার কম্বিনেশনে তৈরি নম্বরের নেপথ্যে রয়েছে বিভিন্ন অর্থ।

আসলে ভারতীয় রেলের (Indian Railways) এই পাঁচ অঙ্কের নম্বরের পিছনে রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম। শুধু ট্রেনকে চিহ্নিত করাই নয়, নম্বরের প্রথম অঙ্ক থেকেই অনেক সময় বোঝা যায় সেটি কোন ধরনের ট্রেন।

তবে এই নিয়ম আজকের নয়, ১৯৮৯ সাল থেকে ভারতে দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের জন্য চার অঙ্কের নম্বর ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশে ট্রেনের সংখ্যা বাড়তে থাকে। নতুন নতুন যাত্রিবাহী ট্রেন, লোকাল ট্রেন এবং বিশেষ ট্রেন চালু হওয়ায় পুরোনো নম্বরের ব্যবস্থা পর্যাপ্ত থাকছিল না।

এই সমস্যা সমাধানের জন্য ২০১০ সালের ২০ ডিসেম্বর ভারতীয় রেল পাঁচ অঙ্কের ট্রেন নম্বর চালু করে। নতুন ব্যবস্থার উদ্দেশ্য ছিল লোকাল, দূরপাল্লার, বিশেষ এবং অন্যান্য সব ধরনের ট্রেনকে রেলের কম্পিউটিং সিস্টেমের আওতায় আনা। এর ফলে ট্রেনের তথ্য সংরক্ষণ করা আরও সহজ হবে ও যাত্রীদেরও কোন ট্রেন কখন রয়েছে, তা চিনতেও সুবিধা হবে।

ট্রেনের নম্বরের প্রথম অঙ্কের অর্থ কী?
পাঁচ অঙ্কের ট্রেন নম্বরের প্রথম সংখ্যাটি সাধারণত ট্রেনের ধরন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। যেমন কোনও ট্রেনের নম্বর যদি ০ দিয়ে শুরু হয়, তা হলে সেটি স্পেশাল ট্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ৬ দিয়ে শুরু হলে সেটি MEMU এবং ৭ দিয়ে শুরু হলে DMU বা DEMU পরিষেবা হতে পারে।

১ দিয়ে শুরু ট্রেন দূরপাল্লার এক্সপ্রেস, মেল ও সুপারফাস্ট ট্রেন, ২ দিয়ে শুরু দূরপাল্লার ট্রেন বোঝায়। ৩ দিয়ে শুরু ট্রেন নম্বরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার লোকাল ট্রেন বোঝায়। আবার চেন্নাই, দিল্লি-সহ বিভিন্ন মহানগরের লোকাল ট্রেন বোঝাতে নম্বর সিরিজ়ে ৪ নম্বর আগে থাকে। ৫, সাধারণ কোচের প্যাসেঞ্জার ট্রেনে ব্যবহার করা হয়।

ডেমু , মেমু, DMU ট্রেনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নম্বর। ৬ নম্বর দিয়ে শুরু ট্রেন বোঝায় MEMU ট্রেন, ৭ নম্বর শুরুতে থাকলে DMU, DEMU এবং ৮ দিয়ে শুরু নম্বর সাধারণত পুরোনো নম্বর বিভাজন ব্যবস্থায় সংরক্ষিত সিরিজ বোঝায়। মুম্বই এলাকার লোকালের ক্ষেত্রে ৯ দিয়ে শুরু নম্বর ব্যবহার করা হয়।

দ্বিতীয় অঙ্ক থেকে কী বোঝা যায়?
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে প্রথম অঙ্কের পরের সংখ্যাগুলিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয় অঙ্কটি অনেক সময়ে সংশ্লিষ্ট রেলওয়ে জ়োন বোঝায়। ট্রেন নম্বরের দ্বিতীয় সংখ্যায় ০,১,২,৩… থাকলে ট্রেনটি কঙ্কন রেলওয়ে, সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল ও নর্থ সেন্ট্রাল রেলওয়ের জন্য না, ইস্টার্ন ও ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বা অন্য কোনও জ়োনের তা বোঝায়।

কেন পাঁচ অঙ্কের নম্বর চালু করার প্রয়োজন হয়েছিল?
এর পিছনে প্রধান কারণ ছিল ট্রেনের সংখ্যা বৃদ্ধি। চার অঙ্কের নম্বর দিয়ে এত বহুল সংখ্যক ট্রেনকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল। নতুন পাঁচ অঙ্কের নম্বর সিস্টেম চালু হওয়ায় বিভিন্ন ধরনের ট্রেনকে আলাদা সিরিজ়ে রাখা সম্ভব হয়।

এই ব্যবস্থার আওতায় আনা হয়— লোকাল ট্রেন, দূরপাল্লার এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন, উৎসব ও ছুটির জন্য স্পেশাল ট্রেন, MEMU, DMU ও DEMU ও অন্যান্য যাত্রিবাহী রেল পরিষেবা।