Hospital Corruption Allegation: কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি থেকে মহিলাদের শ্লীলতাহানি…এই হাসপাতালের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা অভিজিত দাস | Budge Budge ESI Hospital Corruption Allegation: BJP Leader Abhijit Das Files Complaint Against Superintendent, TMC Councillor and 6 Others
মহেশতলা : বজবজ ইএসআই (ESI) হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এবার মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (Abhijit Das) ওরফে ববি। শুধু আর্থিক দুর্নীতি নয়, স্বজনপোষণ থেকে শ্লীলতাহানিরও অভিযোগ তোলা হয়েছে। হাসপাতালের (ESI Hospital Corruption Allegation) সুপার নির্দশন দাস, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরা এবং কাউন্সিলর ঘনিষ্ঠ দীনবন্ধু জানা-সহ মোট আট জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন হাসপাতালের সুপার।
কী কী অভিযোগ?
বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে ব্যাপক দুর্নীতি চলছে। একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। কী কী অভিযোগ করেছেন, দেখে নেওয়া যাক
জলাশয় ও মাছ ধরা নিয়ে দুর্নীতি: হাসপাতাল চত্বরে বেশ কয়েকটি জলাশয় বা জলকর রয়েছে। অভিযোগ, একটি জলাশয়ে মাছ ধরার পাস বাবদ ২৮টি সিটের প্রতিটির জন্য তিন হাজার টাকা করে বেআইনিভাবে নেওয়া হয়। এমন আরও ৪ থেকে ৫টি জলকর থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা তোলা হচ্ছে।
খেজুর গাছের আয় আত্মসাৎ: হাসপাতাল চত্বরে ৫০০-র বেশি খেজুর গাছ রয়েছে। যেখান থেকে প্রাপ্ত অর্থও আত্মসাৎ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
স্বজনপোষণ ও শ্লীলতাহানি: হাসপাতালের সুপার নির্দশন দাস, কাউন্সিলর সুকান্ত বেরা এবং দীনবন্ধু জানা মিলে হাসপাতালটিকে নিজেদের ‘পরিবারতন্ত্রে’ পরিণত করেছেন বলে অভিযোগ। এর পাশাপাশি হাসপাতালে মহিলাদের শ্লীলতাহানির মতো গুরুতর ঘটনার অভিযোগও তোলা হয়েছে।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বজবজ ইএসআই হাসপাতালের সুপার নির্দশন দাস। তিনি দাবি করেছেন, তাঁর এবং হাসপাতালের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের কোনও আর্থিক লেনদেন বা অনিয়মের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও যোগ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।