Hooghly: ষষ্ঠীতেই জনপ্লাবন, তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল মণ্ডপ | Jagadhatri puja heavy crowd in Hooghly Mankundu mandap closed
মানকুন্ডু: চোরবাগানের ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। তাই ষষ্ঠীতেই বন্ধ করে দেওয়া হল মণ্ডপের দরজা। বন্ধ হয়ে গেল ঠাকুর দেখা। রবিবার সন্ধ্যায় রীতিমতো জনপ্লাবনের ছবি চোখে পড়ে হুগলির মানকুণ্ডুতে। রাত ৮টার পর ভিড় হু হু করে বাড়তে শুরু করে একাধিক মণ্ডপে। এই পরিস্থিতি দেখে দ্রুত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশের নির্দেশে দর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মানকুন্ডু স্টেশন রোডে দুটি বড় পুজোর আয়োজন হয়। এবারও সেই সব পুজোয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষত মানকুন্ডু সার্কাস মাঠে, যেখানে অযোধ্যা থিমে পুজো হচ্ছে, সেখানে এতটাই ভিড় বেড়ে যায় যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিতে হয়, মন্ডপ ঢেকে দেওয়া হয় পুলিশের নির্দেশে।
মানকুন্ডু স্টেশন রোডে কাতারে কাতারে মানুষ প্রবেশ করতে দেখা যায় রবিবার সন্ধ্য়ায়। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ। রাত ৮টা থেকে বন্ধ রয়েছে প্রতিমা দর্শন। পাশাপাশি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোও দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এবার কলকাতায় দুর্গাপুজোর সপ্তমীর দিন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আচমকা বৃষ্টির জেরে মণ্ডপে ভিড় বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। আনন্দের উৎসব মুহূর্তে বিষাদে পরিণত হয়। তাই সব ক্ষেত্রেই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।