নিঃসন্দেহে পারিবারিক ছবি, কিন্তু মনোরঞ্জনে পুরোপুরি ব্যর্থ
লখনৌ শহরে বছর চল্লিশের রঞ্জন দুবের (পঙ্কজ ত্রিপাঠী) বাস। বিরাট দুবে নিবাসে একা থাকে সে। তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে করে সংসার করার ইচ্ছে থাকলেও সঠিক পাত্রী জোটেনি তার। কিন্তু একা বিরাট বাড়ি সামলে, সরকারি চাকরি সামলে নাজেহাল হয়ে পড়ে রঞ্জন। প্রতিবেশী, সহকর্মী রাজারাম (বীজেন্দ্র কালা) তার হয়ে সোশ্যাল মিডিয়ায় কেয়ারটেকারের বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখেই হাজির হেলেন (অদিতি রাও হায়দারি)। সুন্দরী আর যোগ্য হেলেন দক্ষ হাতে সংসার সামলায় রঞ্জনের।
দুই প্রাপ্তবয়স্ক নারী–পুরুষ একই ছাদের তলায় বিয়ে না করে থাকায় নানা কথা উঠতে থাকে। শেষ পর্যন্ত কি বিয়ে হয় তাদের? উত্তর পাওয়া যায় ক্লাইম্যাক্সে। ওটিটি প্ল্যাটফর্মগুলো ফিল্ম বা সিরিজ় হিট করানোর বেশ কিছু সহজ ফর্মুলা খুঁজে নিয়েছে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় ফিল গুড ফ্যাক্টর ফিল্ম বা সিরিজ়। যেখানে ছোট শহরের সাধারণ মানুষের গল্প বলেন নির্মাতারা। আর অভিনয় করান তাবড় অভিনেতাদের দিয়ে।
‘পারিবারিক মনুরঞ্জন’–এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মুখ্য ভূমিকায় রয়েছেন পঙ্কজ। যাঁর অভিনয় নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ে না। এই ফিল্মে রোম্যান্টিক অবতারে দেখা গিয়েছে তাঁকে। লুকও পরিবর্তন করেছেন কিছুটা। বেশ ভালো লেগেছে এই পরিবর্তন। বাড়তি অভিনয় করে নিজেকে প্রমাণ করার চেষ্টা তিনি কখনও করেন না। তাই রঞ্জন দুবের চরিত্রে তিনি একেবারে রঞ্জন দুবেই হয়ে উঠেছেন। নিজের ব্যক্তিত্বকে বাধা সৃষ্টি করতে দেননি। সঙ্গে বীজেন্দ্র কালা, সুনীতা রাজওয়ারের মতো অভিনেতা–অভিনেত্রীদের জুড়ে দিয়ে অভিনয়ের দিকটা দৃঢ় করে দিয়েছেন নির্মাতারা।
গ্ল্যামার কোশেন্ট যোগ করার জন্য রেখেছেন অদিতিকে। দেখতে দারুণ লেগেছে অভিনেত্রীকে। তিনি উতরে দিয়েছেন তাঁর চরিত্রটা। কিন্তু সমস্যা গল্প বলা আর পরিচালনায়। গোটা ফিল্মজুড়ে গল্পটা কোথাও এগোয় না। অনেক ফাঁকও থেকে যায় চিত্রনাট্যে। শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেখে একজন মহিলার কেয়ারটেকারের কাজ করতে চলে আসাটা একেবারেই বিশ্বাসযোগ্য ঠেকে না। বিশেষত তার যখন একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে, ফিল্মের গল্প অনুযায়ী। ফিল্মটা দেখতে শুরু করলে মনে হয়, ক্লাইম্যাক্স কী হবে প্রথম থেকেই ঠিক করে ফেলেছিলেন পরিচালক।
ক্লাইম্যাক্স অবধি পৌঁছনোর জন্য স্টেপগুলোও যে পরপর ঠিক করতে হবে, তা তাঁর মনে হয়নি। ফলে গল্প এগোয় কোনও যুক্তি না মেনেই। সমস্যা রয়েছে আরও এক জায়গায়। আমার মতো সাধারণ দর্শকের মাইন্ডসেটে। যাঁর কালিন ভাইয়া, গুরুজি, সুলতান কুরেশি বা মাধব মিশ্রর মতো চরিত্রে পঙ্কজের অভিনয় দেখার পর রঞ্জন দুবে হিসেবে অভিনোকে দেখতে একটু অসুবিধা হয়।