চিন্তার ভাঁজ আলুচাষিদের কপালে, ভালো দাম পেয়ে মুখে হাসি আখচাষিদের
এই সময়, কালনা: লাভজনক দাম না–মেলায় মুখের হাসি উধাও হয়ে চিন্তার ভাঁজ পড়েছে আলুচাষিদের কপালে। কিন্তু জ্বালানিতে ব্যবহারের ইথানল আর চিনি তৈরির জন্য চাহিদার কারণে চওড়া হাসি আখচাষিদের মুখে। পুজোর মরশুমে আখের চাহিদার পাশাপাশি সামনেই ছটপুজো উপলক্ষে আখের চাহিদা বাড়ায় ভাল দর মিলছে আখের, খুশি চাষিরা।
কালনা মহকুমার পূর্বস্থলী–১ ও পূর্বস্থলী–২ ব্লকে আখের চাষ হয়। নাদনঘাট থানা এলাকার গোয়ালপাড়ায় রয়েছে রাজ্যের অন্যতম বড় আখের বাজার। সেখান থেকে আখ কলকাতা, বর্ধমান, মালদা, মূর্শিদাবাদ ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্যেও যায়। এ ছাড়া লাগোয়া নদিয়া জেলায় প্রচুর আখের চাষ হয়। নদিয়ার পলাশিতে চিনি কারখানাকে কেন্দ্র করেই এই সমস্ত এলাকায় একসময়ে আখের চাষ বাড়ে। বর্তমানে সেই কারখানা বন্ধ থাকলেও বিশ্বকর্মা পুজো থেকে ছটপুজো পর্যন্ত আখের ভাল বাজার মেলে। আখচাষি শম্ভুনাথ দে বৃহস্পতিবার বললেন, ‘এ বার ভালই লাভের মুখ দেখছি আখ চাষ করে। গরমে ভাল চাহিদা ছিল। পুজোর মরশুমেও ভাল চাহিদা রয়েছে। বৃহস্পতিবার পিস প্রতি ১৬ টাকা পর্যন্ত দর মিলেছে। আজ ৪০০ বান্ডিল আখ গেল কলকাতায়।’ আর এক আখচাষি বাপ্পা মণ্ডল বললেন, ‘আখ চাষ এক বছর ধরে হয়। ভাল লাভ হওয়ায় অনেকেই এই চাষে ঝুঁকছেন। আখ চাষের শুরুতে ওই জমিতে আখ গাছের ফাঁকে ফাঁকে টোম্যাটো, মূলোর চাষ করেও বাড়তি লাভ হচ্ছে অনেকের।’
তাঁর সংযোজন, ‘জ্বালানিতে যে ইথানল ব্যবহার করা হচ্ছে, তাও আখ থেকেই হয়। চিনি তৈরিতেও আখের চাহিদা বাড়ছে।’ আখচাষিরা জানাচ্ছেন, পলাশির চিনি কারখানা বন্ধ। এই এলাকায় চিনি কারখানা হলে আখ চাষে আরও অনেকে ঝুঁকবেন। আলুচাষিরা বিকল্প পথ পাবেন।