অসুস্থ দাদুকে দেখতে গিয়ে মালদা মেডিক্যাল কলেজের নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত ছাত্র
এই সময়, মালদা: অসুস্থ দাদুকে দেখতে গিয়ে মালদা মেডিক্যাল কলেজ নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত হলেন মাধ্যমিক পরীক্ষার্থী নাতি। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই ছাত্রের দুই মাসিও। তাঁদের ট্রমা কেয়ার ইউনিটের একটি ঘরে বন্দি করে মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। মামলায় দশম শ্রেণির ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে।
সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। নিরাপত্তা রক্ষী কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী সাজিদ আলম।আক্রান্ত সাজিদ পুলিশকে অভিযোগে জানিয়েছেন, ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা তারা । তার দাদু জহর শেখ গত চার দিন ধরে শ্বাসকষ্টজনিত কারণে মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। এদিন দুপুরে সে দাদুকে দেখতে ওই ইউনিটে যায়। সেই সময় বাড়ির লোকেদের সঙ্গে মোবাইলে ভিডিয়ো কলে কথা বলছিল। তখনই ট্রমা কেয়ার ইউনিটের দায়িত্বে থাকা কয়েকজন নিরাপত্তা রক্ষী দৌড়ে এসে তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মারধর শুরু করে।
সাজিদের দুই মাসি সালমা আলম এবং শাহাজাদি বিবি বলেন, ‘আমরা সাজিদকে মার খেতে দেখে ছুটে আসি। আমাদের কয়েকজন নিরাপত্তা রক্ষী টেনে হিঁচড়ে ভেতরে ঢুকিয়ে চড় মারে গায়ে আঁচড় দেয়। আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে পরিস্থিতি বেগতিক দেখে ওরা সরে যায়।’ মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল গণেশচন্দ্র গাইন বলেন, ‘অভিযোগপত্র পেয়েছি। যারা এই কাজ করে থাকুক না কেন, এরকম ব্যবহার বরদাস্ত করা হবে না। ট্রমা কেয়ার ইউনিটের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করা হবে।’