রোহিতের নেতৃত্বে খেলার সময়ে কোহলিকে মিস করতেন, বিস্ফোরক স্বীকারোক্তি অশ্বিনের - 24 Ghanta Bangla News
Home

রোহিতের নেতৃত্বে খেলার সময়ে কোহলিকে মিস করতেন, বিস্ফোরক স্বীকারোক্তি অশ্বিনের

Spread the love

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর থেকে। তার আগে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে কেন কোহলিকে অন্যতম সেরা মনে করেন, তা জানালেন অশ্বিন। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে কোহলির মতো প্রভাব আর কোনও ক্রিকেটারের নেই। শুধু অধিনায়ক হিসেবেই নয়, মাঠে কোহলির আগ্রাসন এবং খেলার প্রতি তীব্র আবেগ গোটা দলকে অন্য মাত্রায় নিয়ে যেত।

টেস্ট ক্রিকেটে কোহলির অভাব অনুভব করেছেন অশ্বিন

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে একটি পডকাস্টে কথোপকথনের সময় অশ্বিন বলেন, টেস্ট ক্রিকেটে কোহলি সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। তাঁর দাবি, ‘বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। ওর সঙ্গে খেলতে গিয়ে অনেক সময় মনে হতো, ও মাঠে খেলার তীব্রতা অনেকটা বাড়িয়ে দেয়। কিছু পরিস্থিতিতে আমার মনে হয়েছে, এতটা আগ্রাসী না হলেও চলত। আরও একটু ধৈর্য ধরতে পারত।’

এর পরেই কোহলির নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ তুলে অশ্বিন বলেন, ‘কোহলি যখন অধিনায়কত্ব ছেড়ে দিল, তার পর আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলতে গিয়েছিলাম। সেই সিরিজ়ে ও ছিল না। তখন আমি ওর অভাব অনুভব করেছি। ও সব সময় মাঠে একটা আলাদা তীব্রতা নিয়ে আসত। খেলাটাকে অন্য ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। তখন বুঝতে পেরেছিলাম, কী ভাবে ও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ তৈরি করেছিল এবং সেটাই ধরে রেখেছিল। এর ফলে দলও অনেক উপকৃত হয়েছে। ও যখন দলে থাকে না, তখন ওর অভাবটা সত্যিই বোঝা যায়।’

কোহলির আগ্রাসন দেখে অবাক হতেন অশ্বিন

কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে বলতে গিয়ে অশ্বিন জানান, অনেক সময় মাঠে তাঁর আচরণ দেখে হাসি পেলেও দলের উপর তার প্রভাব ছিল অসাধারণ। শুধু ক্রিকেটারদেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও উজ্জীবিত করতেন কোহলি। তাঁর এই অফুরন্ত এনার্জির উৎস কী, তা জানার চেষ্টাও করেছিলেন অশ্বিন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে ওর আচরণ দেখে হাসি পায়। কিন্তু মাঠে ওর এই আগ্রাসন দলের প্রত্যেকের মধ্যে লড়াই করার মানসিকতা বাড়িয়ে দেয়। দর্শকদের মধ্যেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এটা সত্যিই অবিশ্বাস্য! এত এনার্জি কোথা থেকে পায় ও? আমি অনেক বার ওকে জিজ্ঞাসা করেছি, কী খায় ও? ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। ভাবাই যায় না!’

অবসরের সিদ্ধান্ত শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কোহলি

কোহলির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন অশ্বিন। তাঁর কথায়, কোভিডের বিরতির পর দু’জনের সম্পর্ক আরও ভালো হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানানোর মুহূর্তের কথাও তুলে ধরেছেন তিনি।

অশ্বিন বলেন, ‘কোভিডের বিরতির পর বিরাটের সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হয়ে গিয়েছিল। আমি ওর কাছে গিয়ে বসতাম। অবসর নিয়ে ওর সঙ্গে আলাদা করে কখনও কথা বলিনি। এক দিন ও নিজের ব্যাটিং এবং ভারতীয় টেস্ট দলকে কী ভাবে দেখে, তা নিয়ে কথা বলছিল। এক জন নেতার মতোই নিজের ভাবনা জানাচ্ছিল। আমি চুপ করে শুনছিলাম। এর পর ও আমাকে জিজ্ঞাসা করে, এই বিষয়ে আমার কী মত।’

সেই সময়ই নিজের অবসরের সিদ্ধান্তের কথা কোহলিকে জানিয়েছিলেন অশ্বিন। তিনি বলেন, ‘আমি ওকে বলেছিলাম, আমার কী মত, সেটা আর গুরুত্বপূর্ণ নয়। কারণ, আমি অবসর নিতে চলেছি। কথাটা শুনে ও অবাক হয়ে বলেছিল, তুমি কী বলছ? ও সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল, কী ভাবে এই সিদ্ধান্ত নিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *