টিকিট প্রতারণা মামলা: হুমকি পেয়ে আদালতের দ্বারস্থ অভিযোগকারী
এই সময়: দুর্গাপুজোর টিকিট প্রতারণার মামলায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতে জানালেন অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়। তাঁকে ফলো করা এবং হুমকি দেওয়া হচ্ছে বলে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে নিরাপত্তা চেয়ে আর্জি জানান তাঁর কৌঁসুলি। আদালত এ নিয়ে আগামী ১৭ নভেম্বর পুলিশের রিপোর্ট তলব করেছে। অভিযোগকারী জয়দীপ বলেন, ‘পুলিশের কাছে আগেই নিরাপত্তা চেয়ে গোটা বিষয়টি জানিয়েছিলাম। এ বার আদালতে জানানো হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’
শুক্রবার এই মামলায় ধৃত ‘মাস আর্টের’ সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী রাধানাথ রং আদালতে জানান, ধ্রুবজ্যোতি হেফাজতে থাকার সময়ে দু’টি অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
পুলিশের দাবি, ধৃতকে জেরা করে বেশ কিছু সংস্থার নাম সামনে এসেছে। সেগুলি খতিয়ে দেখা দরকার। অভিযুক্তের আইনজীবী সুব্রত সর্দার জানান, শুভ তদন্তে সহযোগিতা করতে চান। গত ৪ নভেম্বর তিনি নিজেই পুলিশকে মেল করে আত্মসমর্পণের ইচ্ছে প্রকাশ করেছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে যে দাবি করছে, তা ঠিক নয়। সরকারি আইনজীবী যুক্তি দেন, সত্যি আত্মসমর্পণ করতে চাইলে ধ্রুবজ্যোতি সরাসরি আদালতে অথবা থানায় যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। ফের ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশদেয় আদালত।