ছিদ্র পুরোনো, গুরুত্ব না দেওয়ায় টালায় বিপর্যয়? - 24 Ghanta Bangla News
Home

ছিদ্র পুরোনো, গুরুত্ব না দেওয়ায় টালায় বিপর্যয়?

Spread the love

এই সময়: জল সরবরাহের পাইপলাইনে দীর্ঘদিনের ছিদ্রের বিষয়ে গুরুত্ব না দেওয়াই টালায় বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করছেন কলকাতা পুরসভার অফিসারদের অনেকে। বিগত তৃণমূল পুরবোর্ডের আমলে টালা ট্যাঙ্কের বিভিন্ন অংশের সংস্কার করা হয়েছিল কোটি টাকা ব্যয়ে। কিন্তু একশো বছরেরও পুরোনো পাইপ বদলের কোনও উদ্যোগ সেই সময়েও পুরসভার তরফে ছিল না। ফলে জল সরবরাহের পথে পাইপ ফুটো হয়ে জল মাঝেমধ্যেই চুঁইয়ে পড়ত।

স্থানীয়রা জানাচ্ছেন, টালা ব্রিজের নীচে এবং তার কিছু দূরে থাকা রেললাইনের নীচ থেকে গত মাস আটেক ধরে জল বেরিয়ে যেতে দেখেছেন তাঁরা। তৎকালীন পুর–প্রতিনিধিদের জানানোর পরেও এই বিষয়ে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পাইপলাইনে থাকা ছিদ্র বড় হতে হতেই টালায় এই বিপর্যয় বলে অফিসারদের একাংশের দাবি।

যদিও জল সরবরাহ বিভাগের আধিকারিকরা বলছেন, ফেটে যাওয়া পাইপ দ্রুত মেরামত করাই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। পরে কারণ বিশ্লেষণ করে দেখা হবে। কিন্তু কতটা এগোল পাইপলাইন সারানোর কাজ? পুর–আধিকারিকদের বক্তব্য, পাইপ খুব পুরোনো হওয়ায় কাজে সময় লাগছে। তাড়াহুড়ো করলে আরও বড় বিপত্তির আশঙ্কা রয়েছে। তবে ফাটলের বড় অংশ মেরামত করা গিয়েছে বলেই তাঁদের দাবি। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *