X-Twitter-এ এবার এক পোস্টে ২০টি ছবি ও ভিডিও, ১০ বছরের পুরনো নিয়মে বদল - 24 Ghanta Bangla News
Home

X-Twitter-এ এবার এক পোস্টে ২০টি ছবি ও ভিডিও, ১০ বছরের পুরনো নিয়মে বদল

Spread the love


নয়াদিল্লি: এক্স (X-Twitter) ব্যবহারকারীদের জন্য বড়সড় আপডেট নিয়ে এল সংস্থা। এবার থেকে একটি পোস্টেই সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করা যাবে। এতদিন একটি পোস্টে…

নয়াদিল্লি: এক্স (X-Twitter) ব্যবহারকারীদের জন্য বড়সড় আপডেট নিয়ে এল সংস্থা। এবার থেকে একটি পোস্টেই সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করা যাবে। এতদিন একটি পোস্টে সর্বোচ্চ চারটি মিডিয়া ফাইল শেয়ার করার সুযোগ ছিল। নতুন আপডেটের ফলে সেই সীমা এক ধাক্কায় পাঁচ গুণ বাড়ল। ইতিমধ্যেই মোবাইল অ্যাপ এবং ওয়েব সংস্করণে এই সুবিধা চালু হয়েছে।

বুধবার এক পোস্টে নতুন ফিচারের কথা জানান X-এর মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জোনাহ কাটজ। তাঁর কথায়, প্ল্যাটফর্মের জন্য এটি একটি বড় আপডেট। উল্লেখযোগ্য বিষয় হল, গত প্রায় ১০ বছর ধরে একটি পোস্টে চারটি ছবি বা ভিডিও যুক্ত করার সীমা চালু ছিল। এবার সেই নিয়মে পরিবর্তন আনল সংস্থা।

একটি পোস্টেই শেয়ার করা যাবে ২০টি মিডিয়া ফাইল

নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা একটি পোস্টে একসঙ্গে ২০টি পর্যন্ত ছবি ও ভিডিও শেয়ার করতে পারবেন। আগে একাধিক ছবি বা ভিডিও প্রকাশ করতে হলে আলাদা পোস্ট করতে হত, অথবা ধারাবাহিক পোস্ট বা থ্রেড তৈরি করতে হত। নতুন নিয়মে সেই প্রয়োজন অনেকটাই কমবে।

বিশেষ করে কোনও অনুষ্ঠানের ছবি ও ভিডিও, ভ্রমণের মুহূর্ত, পণ্যের প্রচারমূলক কনটেন্ট কিংবা কোনও ঘটনার ধারাবাহিক আপডেট শেয়ার করার ক্ষেত্রে এই সুবিধা কাজে আসতে পারে। কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়িক অ্যাকাউন্টগুলিও এক পোস্টে বেশি ভিজ্যুয়াল কনটেন্ট তুলে ধরার সুযোগ পাবে।

ওয়েব সংস্করণে ইতিমধ্যেই এই সুবিধা পাওয়া যাচ্ছে। Android এবং iOS ব্যবহারকারীদের নতুন ফিচার পেতে X অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছেন সংস্থার আধিকারিক।

X-এ কীভাবে ছবি ও ভিডিও পোস্ট করবেন?

মোবাইল অ্যাপ থেকেই সরাসরি ছবি ও ভিডিও শেয়ার করা যায়। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

  1. প্রথমে X অ্যাপ খুলুন।
  2. উপরের মেনুতে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করুন। Home Timeline থেকে বাঁ দিকে সোয়াইপ করেও ক্যামেরা খোলা যাবে।
  3. ক্যামেরার শাটার বাটনে ট্যাপ করে ছবি তুলুন। পাশাপাশি ডিভাইসে থাকা ছবি বা ভিডিওও নির্বাচন করতে পারবেন।
  4. প্রয়োজন অনুযায়ী ক্যাপশন এবং লোকেশনের তথ্য যোগ করুন।
  5. সবকিছু ঠিক থাকলে Post অপশনে ট্যাপ করে প্রকাশ করুন।

নতুন আপডেটে একটি পোস্টে সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ থাকবে।

সোশ্যাল মিডিয়ার বাইরেও পরিষেবা বাড়াচ্ছে X

সম্প্রতি মোবাইল অ্যাপের জন্য এক ডজনেরও বেশি নতুন অ্যাপ আইকন যুক্ত করেছে X। পাশাপাশি শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যেই নিজেদের পরিষেবা সীমাবদ্ধ রাখতে চাইছে না সংস্থাটি।

চলতি বছরের শুরুতে X তাদের আর্থিক পরিষেবা X Money চালু করেছিল। নতুন মিডিয়া শেয়ারিং সুবিধা এবং অন্যান্য আপডেটের মাধ্যমে প্ল্যাটফর্মটির পরিষর ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও বিস্তৃত করার চেষ্টা করছে সংস্থাটি।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *