Sheikh Hasina: গ্যারান্টি দিতে হবে ঢাকাকে, হাসিনাকে ফেরাতে বড় শর্ত রাখল নয়া দিল্লি | Sheikh Hasina: Dhaka Have to give Guarantee, India Wants to Return Sheikh Hasina on Two Condition - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina: গ্যারান্টি দিতে হবে ঢাকাকে, হাসিনাকে ফেরাতে বড় শর্ত রাখল নয়া দিল্লি | Sheikh Hasina: Dhaka Have to give Guarantee, India Wants to Return Sheikh Hasina on Two Condition

Spread the love

নয়া দিল্লি ও ঢাকা: সকালে উঠে আন্দোলনের চেহারা দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়েছিল দেশ ছাড়ার। ২০২৪ সালের ৫ অগস্ট। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে। এখন দেশে ফিরতে চান শেখ হাসিনা। বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এদিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতেই, হাসিনার সেই আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তাহলে হাসিনা ফিরবেন কী করে? বাংলাদেশের সামনে রাখা হচ্ছে দুটি শর্ত।

এখনও ভারতে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী রাষ্ট্রের প্রধান হিসাবে হাসিনা যখন আশ্রয় চেয়েছিলেন, তখন ভারতের কাছে সেই অনুরোধ ফেরানোর কোনও উপায় ছিল না। বহুরাষ্ট্র, তার উপরে হাসিনার পরিবারের সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক। সেই সব মাথায় রেখেই বাংলাদেশের ছাত্র গণঅভ্যুত্থানের সময়ে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত। বর্তমানে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কথা উঠতেই বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, এটি আইনি বিষয়। সেই অনুযায়ীই পদক্ষেপ করা হবে।

এদিকে, দুটি শর্তে ভারত সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি। এমনটাই দাবি করা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে। কী সেই শর্ত? সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া  না হলেও, বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মূল দুটি শর্ত দেওয়া হয়েছে হাসিনার প্রত্যর্পণের জন্য।

প্রথম শর্ত হল, সেনাবাহিনীর হস্তক্ষেপ। শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন, তখন তিনি সামরিক বিমানেই হিন্দোন এয়ারবেসে নেমেছিলেন। ভারতের দাবি, হাসিনাকে ফেরত নিয়ে যাওয়ার জন্যও বাংলাদেশ সেনাবাহিনীকেই কাজ করতে হবে। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশ সেনাকেই হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য যা কিছু লজিস্টিকাল প্রস্তুতি বা আয়োজনের দরকার, তা ভারত সরকার করবে।

দ্বিতীয় শর্ত হল, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান। জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে যে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই মামলায় আবার যাতে নতুন করে বিচার শুরু হয়, তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে।  তবে এটিকে যেন বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বলে গণ্য না করা হয়, তা নিয়েও সতর্ক ভারত।

প্রসঙ্গত, বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও, হাসিনা চেয়েছিলেন লন্ডনে চলে যেতে। যদিও ব্রিটেন সরকার হাসিনাকে সে দেশে আশ্রয় দিতে চায়নি। সেই কারণে ভারতেই থেকে যান হাসিনা। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও, ভারত তার কোনও জবাব দেয়নি।

তবে সূত্রের খবর, হাসিনাকে দেশে ফিরে গিয়ে বিচারব্যবস্থার সম্মুখীন হওয়ার পরামর্শ দিয়েছে ভারত। পাশাপাশি হাসিনার দল আওয়ামী লিগকে বাংলাদেশে পুনরুজ্জীবিত করার জন্যও তাঁর সে দেশে ফেরা দরকার। হাসিনাও সেই প্রস্তাব বিবেচনা করেই বাংলাদেশে ফিরতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *