সনিয়ার বইতে উল্লেখ হাসিনার কথাও
সনিয়া জানিয়েছেন, হাসিনার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয় ভারতে। শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য খুন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা। সঙ্গে দুই শিশুসন্তান। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন হাসিনাকে। সনিয়ার কথায়, দিল্লিতে প্রায় ছ’বছর নির্বাসিত জীবন কাটিয়েছিলেন হাসিনা। সনিয়ার কথায়, তখন থেকেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন হাসিনা। বইয়ে শেখ হাসিনার বক্তৃতার কথা বিশেষ ভাবে উল্লেখ করে সনিয়া বলেন, ‘বাংলায় হাসিনার বক্তৃতা শুনলে গায়ে কাঁটা দিত। যদিও আবেগপূর্ণ সেই বক্তৃতার অধিকাংশ কথার অর্থই বুঝতে পারতাম না, তবু হাসিনার বক্তব্যের আবেগ আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছিল।’ বাংলাদেশের উন্নয়নে হাসিনার ভূমিকাও ঠাঁই পেয়েছে সনিয়ার বইয়ে। কংগ্রেস নেত্রীর মতে, একটা সময়ে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ হাসিনার নেতৃত্বেই বিভিন্ন উন্নয়ন সূচকে ভালো পারফর্ম করেছিল।