বেতন বাড়বে তিন গুণ? অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা - 24 Ghanta Bangla News
Home

বেতন বাড়বে তিন গুণ? অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা

Spread the love


কলকাতা: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। কমিশন গঠনের পর ইতিমধ্যেই কেটে গিয়েছে এক বছর। তবে নতুন বেতন কাঠামো কবে…

কলকাতা: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। কমিশন গঠনের পর ইতিমধ্যেই কেটে গিয়েছে এক বছর। তবে নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে দেশের বিভিন্ন শহরে গিয়ে কর্মচারী সংগঠন, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে কমিশন। তাঁদের মতামত ও দাবিদাওয়া শোনার পরই তৈরি হবে চূড়ান্ত রিপোর্ট।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, অষ্টম বেতন কমিশনকে রিপোর্ট তৈরির জন্য মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার ১২ মাস পেরিয়ে গিয়েছে। অর্থাৎ রিপোর্ট জমা দেওয়ার জন্য হাতে রয়েছে আরও ছয় মাস। যদিও প্রয়োজনে কেন্দ্রীয় সরকার এই সময়সীমা বাড়াতে পারে।

কমিশন সুপারিশ-সহ রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেবে। এরপর তা মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করা হবে। বেতন ও পেনশন কতটা বাড়বে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। কর্মচারীদের প্রত্যাশা, নতুন বেতন কাঠামোয় তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই ক্ষেত্রে তিনটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ, ফিটমেন্ট ফ্যাক্টর, বাড়িভাড়া ভাতা বা HRA এবং মহার্ঘ ভাতা বা DA।

ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ করার দাবি

অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মচারীদের অন্যতম বড় দাবি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে এই ফ্যাক্টর ৩ গুণ করার দাবি উঠেছে। এই দাবি মানা হলে বর্তমানে ১৮ হাজার টাকা বেসিক বেতন বেড়ে ৫৪ হাজার টাকা হতে পারে বলে হিসাব করা হচ্ছে। তবে এটি কর্মচারীদের দাবির ভিত্তিতে করা হিসাব। কমিশন বা কেন্দ্রীয় সরকার এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

HRA বাড়ানোর দাবিও জোরালো

নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া ভাতা বা HRA বৃদ্ধির দাবিও তুলছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বর্তমানে শহরের শ্রেণিবিভাগ অনুযায়ী HRA-র হার আলাদা। এক্স ক্যাটাগরির শহরে মূল বেতনের ২৪ শতাংশ, ওয়াই ক্যাটাগরির শহরে ১৬ শতাংশ এবং জেড ক্যাটাগরির শহরে ৮ শতাংশ হারে HRA দেওয়া হয়।

কর্মচারীদের একাংশের দাবি, এই হার বাড়িয়ে এক্স ক্যাটাগরির শহরে ৩০ শতাংশ, ওয়াই ক্যাটাগরিতে ২০ শতাংশ এবং জেড ক্যাটাগরিতে ১০ শতাংশ করা হোক। তবে অষ্টম বেতন কমিশনে এই প্রস্তাব গৃহীত হবে কি না, তা এখনও অনিশ্চিত।

বেসিকের সঙ্গে DA যুক্ত করার দাবি

অষ্টম বেতন কমিশন ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উঠেছে মহার্ঘ ভাতা বা DA নিয়ে। কর্মচারীদের একাংশ চাইছেন, নতুন বেতন কাঠামো কার্যকর করার সময় তৎকালীন DA-র অঙ্কও মূল বেতনের সঙ্গে যুক্ত করা হোক। তাঁদের মতে, এমনটা হলে নতুন বেসিক বেতন অনেকটাই বাড়তে পারে।

সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার সময়ও মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছিল। তাই অষ্টম বেতন কমিশনেও একই ধরনের ব্যবস্থা চালুর প্রত্যাশা করছেন কর্মচারীদের একাংশ।

তবে ফিটমেন্ট ফ্যাক্টর, HRA এবং DA নিয়ে কর্মচারীদের বিভিন্ন দাবি থাকলেও এখনও কোনও প্রস্তাব চূড়ান্ত হয়নি। কমিশনের রিপোর্ট এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরই পরিষ্কার হবে, অষ্টম বেতন কমিশনে কর্মচারী ও পেনশনভোগীদের বেতন-পেনশন কতটা বাড়তে চলেছে।

রিয়েল এস্টেটে চিনকে পিছনে ফেলল ভারত! বিদেশি বিনিয়োগে শীর্ষে

স্টক মার্কেটে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে ইতিহাস ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *