৩টি এনক্লোজ়ার রেডি হলে পার্টনার পাবে ‘ডুয়ার্সরানি’!
শিলাদিত্য সাহা
সঙ্গী পাওয়ার জন্য আপাতত অনেকদিন অপেক্ষা করতে হবে বক্সার বাঘিনিকে। সূত্রের খবর, শুক্রবার বক্সা টাইগার রিজ়ার্ভে সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটির শীর্ষ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, বর্তমান এনক্লোজ়ারের ভরসায় বক্সায় আর বাঘ আনা হবে না। চিতল হরিণ রাখার জন্য তৈরি ওই এনক্লোজ়ারকে কিছুটা ‘মডিফাই’ করে গত জুলাইয়ে সেখানে বাঘ ছাড়ার প্রস্তুতি শুরু করেছিলেন বক্সা কতৃর্পক্ষ। পরে স্থির হয়, ২ অক্টোবর বাঘ ছাড়া হবে বক্সায়। কিন্তু হরিণের এনক্লোজ়ারকে তার মধ্যেও বাঘের জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলা যায়নি। এর মধ্যে গত ৮ নভেম্বর, কালীপুজোর দুপুরে এনক্লোজ়ারের ধাতব জালের ফাঁক গলে মুক্ত জঙ্গলে বেরিয়ে যায় বাঘিনি। রাজ্যের বনমন্ত্রী বাঘিনির সুড়ঙ্গ খোঁড়ার ঘটনা বর্ণনা করলেও এনটিসিএ-র কাছে শুক্রবার স্পষ্ট হয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। বাঘিনি বেরিয়ে গিয়েছে জালের ফাঁক দিয়েই।