রিল বানাব চল্! স্কুলকে টা-টা ৩ ছাত্রীর, ১৫ কিলোমিটার পাড়ি দিয়েও ক্যাচ কট কট
এই সময়, কোচবিহার: বাড়িতে বলে গিয়েছিল, স্কুলে যাচ্ছে। পরনে ছিল ইউনিফর্ম। কিন্তু ক্লাসরুমের দরজায় পা না রেখে তিন বান্ধবী পাড়ি দিয়েছিল প্রায় ১৫ কিলোমিটার দূরে। উদ্দেশ্য, দিনভর গল্পগুজব আর রিল বানানো।
উৎসবের দীর্ঘ ছুটির পরে স্কুল খোলার প্রথম দিনেই এমন কাণ্ড ঘটালো তিন ছাত্রী। তবে শেষরক্ষা হলো না। তাদের ‘গোপন অভিযান’ গোপন রইল না। স্কুলের শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়ল কোচবিহারের তিন নাবালিকা।পুন্ডিবাড়ি থানা এলাকার দু’টি স্কুলের পড়ুয়া তিন ছাত্রী। দু’জন অষ্টম এবং এক জন নবম শ্রেণিতে পড়ে। এ দিন সকালে খাওয়াদাওয়া করে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বেরিয়েছিল। স্কুলের পোশাক পরে বেরোনোয় কারও সন্দেহ হয়নি। কিন্তু স্কুলের পথে যায়নি ছাত্রীরা। কোচবিহার শহরগামী একটি গাড়ি ধরে। প্রায় ১৫ কিলোমিটার দূরের শহরে পৌঁছয় তিন জন। এদিক-সেদিক ঘুরতে ঘুরতে তারা চলে আসে এনএন পার্কে। সেখানে সময় কাটায়। চলে গল্পগুজব ও রিল তৈরি। নানা কায়দাকানুন করে রিলের শুটিংয়ে মেতে ওঠে তারা।
তিন পড়ুয়াকে দেখে কয়েক জনের সন্দেহ হয়। দিনভর অপরিচিত তিনটি মুখকে দেখে তাঁদের মনে প্রশ্ন জেগেছিল। সন্ধেয় পার্ক বন্ধের সময়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন এক শিক্ষিকা। ছাত্রীদের ইউনিফর্ম দেখে তিনি বুঝতে পারেন, ওরা তাঁরই স্কুলের পড়ুয়া। তিনিও পার্কে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিন নাবালিকাকে নানা প্রশ্ন করতে থাকেন। ১১২ নম্বরে ফোন করে খবর দেওয়া হয়। পুলিশ চলে আসে পার্কে। ছাত্রীদের ঘিরে জমায়েত তৈরি হতে ঘাবড়ে যায় তিন জন। কান্নাকাটি শুরু করে দেয়। শিক্ষিকা বারবার ছাত্রীদের কাছে জানতে চান, তারা কোন শ্রেণিতে পড়ে। কোথায় বাড়ি, পরিবারের কারও নম্বর আছে কি না। এ সব প্রশ্ন করলেও গোড়ায় রা কাড়ছিল না পড়ুয়ারা। শেষমেশ তারা মুখ খুলতে বাধ্য হয়। পরে তিন জনকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পরিবারকে। রাতের দিকে স্কুলের শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিশোরীরা যে দু’টি স্কুলের পড়ুয়া, সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। সাংবাদিক পরিচয় শুনে তাঁরা মুখ খোলেননি। এ দিকে, তিন ছাত্রীকেই হোমে পাঠানো হয়েছে।
ক্লাসে ডুব দিয়ে দূরের শহরে এ ভাবে চলে আসা যে পরিকল্পনামাফিক, সেটা ছাত্রীদের কথাতে বোঝা গিয়েছে। স্কুলের পোশাক পরে কী ভাবে তারা পার্কে ঢোকার অনুমতি পেল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল ইউনিফর্মে থাকা তিন জনকে দেখে সন্দেহ হয়নি কেন? কয়েক মাস আগে কোচবিহারের শীতলখুচির একটি গ্রামের পাঁচ বান্ধবী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি ছেড়েছিল। সপ্তম শ্রেণির ওই পাঁচ ছাত্রী প্রায় ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে কোচবিহার শহরে চলে আসে।
একের পর এক ঘটনায় স্কুলপড়ুয়াদের মনোজগতের পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। মনোবিদ অনুপম মিত্র বলেন, ‘অল্প সময়ে নাম ও বিনোদনের মোহে ছেলেমেয়েরা এই পথে যাচ্ছে। অনেক সময়ে একাকীত্ব, দুশ্চিন্তা, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যও তারা এই উপায় খুঁজে বের করছে। নতুন প্রজন্মকে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমাজের সকলের।’ শিক্ষাবিদ মলয়কান্তি রায় বলেন, ‘এটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সমাজব্যবস্থাটাই আস্তে আস্তে বদলে যাচ্ছে। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’