পর্যটনেও বাড়তি নজর বন দপ্তরের, ৩.৫ কোটি
বেলপাহাড়ি রেঞ্জ অফিসে ২০১৯-এ ১৫ লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি টেন্ট হাউস দিয়ে ‘বেলপাহাড়ি জঙ্গল ক্যাম্প’ চালু হয়। শুরুতেই পর্যটকদের ভালো সাড়া মেলে। তবে করোনা পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। ২০২১ সালের শেষ দিকে ফের তা চালু হয়। পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে টেন্ট হাউসগুলি নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেলপাহাড়ির জঙ্গল ক্যাম্প ফিরিয়ে আসতে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এক কোটি টাকা বরাদ্দ করেছে। যেখানে থাকবে আটটি টেন্ট হাউস। থাকবে রান্না ও খাবার ঘর। থাকবে খোলামেলা অডিটোরিয়ামের সঙ্গে লাইব্রেরি পরিষেবা। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কেও এক সময়ে পর্যটকদের মনোরঞ্জনে নৌকোবিহার চালু হয়েছিল। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাব ও পার্কের গা ঘেঁষে যাওয়া খালের বাঁধ ভেঙে যাওয়ায় নৌকোবিহার বন্ধ হয়ে যায়। বাঁধ সংস্কার করে চারটি প্যাডেল বোট দিয়ে ফের নৌকোবিহার চালুর জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করেছে পিইউপি। তৈরি হবে বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য বিশেষ রেলিং যুক্ত পথ। অন্যদিকে, বন দপ্তরের বলরামডিহি ইকো পার্কে শিশুদের খেলার সরঞ্জাম বসানো, বসার জায়গা গড়ে তোলা-সহ পার্কের সৌন্দার্যায়নে এক কোটি টাকা বরাদ্দ করেছে পিইউপি। ঝাড়গ্রাম ট্যুরিজমের কর্ণধার সুমিত দত্ত বলেন, ‘পর্যটনের উন্নয়নে বন দপ্তরের এই পদক্ষেপ সাধুবাদ যোগ্য। তবে একাধিকবার এই ধরনের প্রকল্প চালু হয়ে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে গিয়েছে অতীতে। তার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’