দক্ষিণী সিনেমায় ইন্দ্রপতন! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা, শোকজ্ঞাপন চন্দ্রবাবু নাইডুর
দক্ষিণী চলচ্চিত্র জগতে এক যুগের অবসান। প্রয়াত হলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা, পরিচালক এবং প্রযোজক গিরিবাবু। শনিবার, ১৪ নভেম্বর হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি শিল্পী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৬০০-র বেশি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউড (তেলুগু চলচ্চিত্র শিল্প) এবং তাঁর অগণিত অনুরাগীদের মহলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন গিরিবাবু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখানেই তিনি প্রয়াত হন। গিরিবাবু রেখে গেলেন তাঁর তিন সন্তান, দুই পুত্র রঘু বাবু ও বোস বাবু এবং কন্যা মাধবীকে। উল্লেখ্য, বাবার পদাঙ্ক অনুসরণ করে তাঁর দুই ছেলেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে কন্যা মাধবী বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন।
ప్రముఖ సీనియర్ నటుడు, దర్శక నిర్మాత గిరిబాబు మరణం విచారకరం. ప్రకాశం జిల్లాలో ఒక సామాన్య వ్యవసాయ కుటుంబంలో జన్మించిన గిరిబాబు ఐదు దశాబ్దాల పాటు 600లకు పైగా చిత్రాల్లో నటించి… విలన్గా, హాస్యనటుడిగా ఇంకా క్యారెక్టర్ ఆర్టిస్టుగా ప్రేక్షకులను మెప్పించారు. గిరిబాబు ఆత్మకు శాంతి చేకూరాలని ప్రార్థిస్తున్నాను. వారి కుటుంబసభ్యులకు ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తున్నాను.
— N Chandrababu Naidu (@ncbn) November 14, 2026
১৯৭৩ সালে ‘জগমে মায়া’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় যাত্রা শুরু করেছিলেন গিরিবাবু। কেরিয়ারের শুরুর দিকে মূলত খলনায়ক এবং পার্শ্বচরিত্রে অভিনয় করেই পরিচিতি পান তিনি। সত্তরের দশকে ‘জ্যোতি’, ‘কুরুক্ষেত্রম’ এবং ‘করুণাময়ুডু’-র মতো ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। তবে খলনায়কের গণ্ডি পেরিয়ে ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডোঙ্গোডোচাডু’ ছবিতে তাঁর কৌতুকাভিনয় দর্শকদের চমকে দেয়। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। খলনায়ক, কমেডিয়ান থেকে শুরু করে চরিত্রাভিনেতা। সব ভূমিকাতেই তিনি ছিলেন সমান সাবলীল।
তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে:
-
‘আত্তাকু ইয়ামুডু আম্মায়িকি মোগুডু’
-
‘পাসিভাদি প্রাণম’
-
‘কোথালা রায়ুডু’
-
‘নুভ্ভে কাভালি’
-
‘আথাডু’ এবং ‘গীতা গোবিন্দম’
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্নি মাঞ্চি সাকুনামুলে’ ছবিতে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে ৬০০-র বেশি ছবিতে কাজ করার এক বিরল নজির গড়ে গিয়েছেন তিনি।
বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে এক্স-এ গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি লেখেন, ‘বর্ষীয়ান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক গিরিবাবুর প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। প্রকাশম জেলার এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও গিরিবাবু পাঁচ দশক ধরে ৬০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন। খলনায়ক, কৌতুকাভিনেতা এবং চরিত্রাভিনেতা হিসেবে দর্শকদের আনন্দ দিয়েছেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’