জাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু চালকের, জখম অন্তত ১৫
শুক্রবার সকালে জাজপুরে বড়চানায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে বাসটি। ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ তাঁদের সেখানকার হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য বৃহস্পতিবার রাতে সাগরপুর থেকে রওনা দিয়েছিল ওই বাসটি। দাসপুর থানার সাগরপুর, ঘনশ্যামবাটি, বিষ্ণুপুর, রাজনগর–সহ বেশ কয়েকটি গ্রামের মোট ৬৫ জন পুণ্যার্থী ছিল বাসে। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন বৃদ্ধ-বৃদ্ধা। শুক্রবার সকালে ওডিশার জাজপুরের বড়চানায় কাছে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা মারে বাসটি। ধাক্কার তীব্রতায় ট্যুরিস্ট বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। প্রায় ১৫ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের চালক লক্ষ্মণ ভুঁইয়া-র মৃত্যু হয়েছে সেখানকার হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।