‘বাঘিনি সন্তানসম্ভবা ছিল, বারবার বলে গ্রামবাসীরা’
শিলাদিত্য সাহা
কী বলা যায় একে? টাইগার রিইন্ট্রোডাকশন? নাকি রাজনীতির ট্রফি হান্টিং?
বক্সা টাইগার রিজ়ার্ভে সম্প্রতি এনে ছাড়া বাঘিনির পরিস্থিতি দেখে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশ এই প্রশ্নই তুলছেন।
প্রথমে জানা গিয়েছিল, শরীরে একাধিক গভীর ক্ষত থাকা সত্ত্বেও গত ২ অক্টোবর বক্সার বাঘিনির জন্য মুক্ত জঙ্গলের দরজা খুলে দেওয়া হয়েছিল। এই সময়–এর প্রতিবেদনেই প্রথমবার জানানো হয়েছিল, বিহার থেকে বাংলা— বাঘিনির ট্রান্সলোকেশন পর্ব নিয়ে প্রচুর প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকারের বাঘ বিশেষজ্ঞরা। এ বার জানা গেল, গত ৭ নভেম্বর বক্সাতেই তার প্রথম সন্তানদের গর্ভপাত হয়ে গিয়েছে!
গর্ভপাত? বক্সার বাঘিনি সম্তানসম্ভবা হলো কবে? এতদিন তো কথা হচ্ছিল, সে পুরুষ সঙ্গীর খোঁজে বার বার নাকি বাংলা ছেড়ে অসমের দিকে চলে যাচ্ছে! ২১ অক্টোবর সে ঢুকেও পড়েছিল অসমের রায়মোনা জঙ্গল সংলগ্ন এলাকায়। তার পরে গত ৩ নভেম্বর সন্ধ্যায় রায়মোনার দক্ষিণে গেলাগুড়ির লৌসা নদীর ধারে একটি ঝোপ থেকে ধরে তাকে ফেরানো হয় বক্সায়।
বাংলার বনমন্ত্রী নিজে গিয়েছিলেন ‘ডুয়ার্সরানি’–কে ফেরাতে। তা হলে কোথায় কী ঘটল? কেন অবধারিত ঝুঁকি কার্যত অগ্রাহ্য করে মাত্র এক মাসের ব্যবধানে তিন বার ট্র্যাঙ্কুইলাইজ় করা হলো অন্তঃসত্ত্বা বাঘিনিকে? তার প্রথম তিন সন্তানের মৃত্যুর দায় কার? আচমকা নতুন এলাকায় মানিয়ে নেওয়ার চাপ? তিনটি ট্র্যাঙ্কুইলাইজ়ার এবং একাধিক রিভার্সাল অ্যান্টিডোটের প্রভাব? নাকি মনিটরিংয়ের নামে ক্রমাগত তাড়া খাওয়ার স্ট্রেস? এই নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার বক্সা পৌঁছেছেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটির আইজি সঞ্জয়ন কুমার ও মেম্বার সেক্রেটারি সঞ্জয় পাঠক।
এ দিকে পশ্চিমবঙ্গ বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গত ৭ নভেম্বর বক্সার এনক্লোজ়ারেই গর্ভপাত হয় বিহারের বাল্মীকি টাইগার রিজ়ার্ভ থেকে আনা বছর তিনেকের বাঘিনির। পশু চিকিৎসক পরীক্ষা করে দেখেন, মাস দুয়েকের তিনটি ভ্রূণ নষ্ট হয়েছে। সেগুলিকে সংরক্ষণ করা হয় বক্সাতেই। ঘটনাচক্রে এর পরদিনই, ৮ নভেম্বর দুপুরে এনক্লোজ়ারের ফাঁক গলে মুক্ত জঙ্গলে বেরিয়ে যায় বাঘিনি বিটিআর টিএফ–১।
ঘটনাচক্রে, এক্ষেত্রে বাংলার বনমন্ত্রী ‘বাঘিনি সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে গিয়েছে’ বলে যে দাবি করেছিলেন, তাঁর দপ্তরের একাধিক সূত্রই সেই দাবি নস্যাৎ করেছে। এনক্লোজ়ারের ধাতব জালের ফাঁক গলেই বাঘিনি বেরিয়ে গিয়েছে বলে খবর। এই ঘটনার ঠিক পরেই, গত ৯ নভেম্বর বিশেষ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন রাজ্যের এক শীর্ষ বনকর্তা। কিন্তু তার পরেও বিহার–বাংলা–অসমের বন দপ্তর ঘিরে এমন কিছু প্রশ্ন উঠছে, যার কোনও সদুত্তর নেই।
প্রথমত, গত ২৯ সেপ্টেম্বর যখন বিহারের বাল্মীকির জঙ্গলে বাঘিনিটিকে ধরা হয়, তখন কেন বোঝা গেল না, সে সন্তানসম্ভবা? জানা যাচ্ছে, আল্ট্রাসাউন্ড টেস্ট এক্ষেত্রে হয়নি। শুধুমাত্র ‘ভিস্যুয়াল কনফার্মেশন’–এর উপরে ভিত্তি করেই বাঘিনিকে বাছা হয়েছিল। কীসের তাড়া ছিল? বাল্মীকি টাইগার রিজ়ার্ভের ফিল্ড ডিরেক্টর গৌরব ওঝা আগে জানিয়েছিলেন, প্রচুর বাছাই করে এই বাঘিনিটিকে চূড়ান্ত করা হয়েছিল। যদিও বাঘিনির গর্ভপাত নিয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার গৌরবের জবাব, ‘আমার এই বিষয়ে কোনও ধারণা নেই। আমায় কেউ কিছু জানায়নি।’
দ্বিতীয়ত, বাল্মীকিতে ঘুমপাড়ানি গুলিতে কাবু করার পরে বক্সার এনক্লোজ়ারে বাঘিনিকে ছাড়ার মধ্যে কেটে গিয়েছিল ১৮ ঘণ্টা — যে দীর্ঘ সময়ের প্রায় পুরোটাই তাকে কাটাতে হয়েছে লোহার খাঁচায়। তখনই রিভার্সাল অ্যান্টিডোটের প্রভাবে উত্তেজিত হয়ে বাঘিনি নিজেকে জখম করে, রেডিয়ো কলারও খুলে ফেলে।
প্রশ্ন উঠছে, ১ অক্টোবর বিকেলে যখন রেডিয়ো কলার পরানোর জন্য বাঘিনিকে বক্সার এনক্লোজ়ারে ফের ট্র্যাঙ্কুইলাইজ় করা হয়, তখনও তো তার স্বাস্থ্যপরীক্ষা হয়েছিল। তার শরীরের জখম পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল। সেখানেও কেন বোঝা গেল না, বাঘিনি অন্তঃসত্ত্বা? তখনও কি আল্ট্রাসাউন্ড টেস্ট হয়নি? তাড়া কি তখনও ছিল?
তৃতীয়ত, বাঘিনি যখন অক্টোবরের শেষ সপ্তাহে বাংলা সীমানা পার করে অসমের কোকরাঝাড়ে রাজচন্দ্রপুর বনবস্তির আশপাশে ঘুরছে, তখন জঙ্গলের পাশে বেড়ে ওঠা বনবস্তির মানুষজন বারবার সতর্ক করেছিলেন বনাধিকারিকদের। কোকরাঝাড়ে বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত প্রবেশ্বর বসুমাতারির কথায়, ‘বাঘিনি দিনভর নিরাপদ বাঁশবাগানে বসে থাকত। অন্ধকার ছাড়া বেরোত না। বনবস্তি থেকে আমায় বার বার বলেছিল, বাঘিনি সন্তানসম্ভবা। তার আচরণে সেটা স্পষ্ট। এইসব বিষয়ে বনবাসীদের অনুভূতি খুব তীক্ষ্ণ। আমি অসম ও বাংলার বনাধিকারিকদের সেই কথা একাধিক বার জানিয়েছিলাম। কিন্তু ওঁরা কেউই গ্রামবাসীদের কথায় কান দেননি।’
কী ঘটেছিল অসমে?
গত ৩ নভেম্বর দিনভর চারটি কুনকি হাতি এবং বেশ কয়েকটি আর্থ মুভার নিয়ে বাঘিনিকে কার্যত ঘিরে ফেলা হয়েছিল। সন্ধ্যায় যখন বাঘিনিকে ফের ঘুমপাড়ানি গুলিতে কাবু করা সম্ভব হয়, তখন এলাকায় ভিড় জমে যাওয়ায় তাকে কিছুক্ষণের মধ্যে প্রথামাফিক রিভার্সাল অ্যান্টিডোট (তন্দ্রা কাটানোর ওষুধ) দেওয়া হয়নি। কখন দেওয়া হয়েছিল?
অ্যান্টিডোট না–দিয়েই কি প্রায় দেড়শো কিমি পথ পেরিয়ে বক্সায় ফেরানো হয়েছিল বাঘিনিকে? বাংলার বনকর্তারা নিরুত্তর। অসমের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল সোনালি ঘোষেরও ফোন বেজে গিয়েছে। তবে এ কথা স্পষ্ট, দু’মাসের অন্তঃসত্ত্বা বাঘিনি শেষ পর্যন্ত এই প্রবল ‘স্ট্রেস’ নিতে পারেনি। বক্সায় ফেরানোর চার দিনের মাথাতেই গর্ভপাত হয়ে গিয়েছে তার।
বাঘিনির স্ট্রেস কি কমেছে?
বন্যপ্রাণ বিশেষজ্ঞরা সেই সম্ভাবনা দেখছেন না। বরং তাঁদের একাংশের দাবি, গর্ভপাতের পরে মানসিক যন্ত্রণা থেকেই যে কোনও উপায়ে এনক্লোজ়ারের বাইরে বেরনোর পথ খুঁজছিল সদ্য সন্তানহারা বাঘিনি। আর বেরনোর পরে কী হলো? গত কয়েকদিন ধরে নাগাড়ে তার পিছনে লেগে রয়েছে দেড়শো বনকর্মীর দল, ৬টি কুনকি হাতি — যাতে সে ফের অসমে ঢুকে না পড়ে।
রাজ্যের বনমন্ত্রী এ দিনও দুপুরে দাবি করেছেন, ‘ভালো আছে ডুয়ার্সরানি। আজেবাজে কথায় কান দেবেন না’। পরে অবশ্য তাঁর স্বীকারোক্তি, ‘দায় অস্বীকার করছি না। তবে বিহারের ফিট সার্টিফিকেট পেয়েই ওকে এনেছিলাম। সব দিক থেকে তদন্ত হচ্ছে।’
বাঘিনির যে তিন সন্তান হতে পারত বক্সার উত্তর প্রজন্মের পথিক, তারাই এখন রাসায়নিক মেখে নিথর ভ্রূণ হয়ে সংরক্ষিত রয়েছে বক্সায়।
‘ডুয়ার্সরানি’ ভালো থাকতে পারে কি?