প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ মৌসুমী চট্টোপাধ্যায়
মুম্বই: প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র এবং অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন…
মুম্বই: প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র এবং অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়ন্ত। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পরিবারের কাছে ‘বাবু’ নামে পরিচিত ছিলেন জয়ন্ত। সংগীত ও সংস্কৃতির আবহে বেড়ে ওঠার সুবাদে ছোট থেকেই বিনোদন জগতের সঙ্গে পরিচয় ছিল তাঁর। পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রযোজনা এবং সুরকার হিসেবেও কাজ করেন। তাঁর প্রযোজিত ছবির তালিকায় রয়েছে ১৯৭৫ সালের ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’। এ ছাড়াও ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
জয়ন্ত ও মৌসুমীর দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। অল্প বয়সেই বিয়ে হয়েছিল তাঁদের। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, তিনি যখন দশম শ্রেণিতে পড়তেন, তখনই বিয়ের কথা পাকা হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে চলে যান অভিনেত্রী। সেখান থেকেই শুরু হয় তাঁর হিন্দি ছবির জগতে পথচলা। পরবর্তী সময়ে বাংলা ছবিতেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেন তিনি।
দীর্ঘ দাম্পত্য জীবনে দু’জনের সম্পর্ক ছিল গভীর। জয়ন্তের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে পরিবারে। শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র ও সংগীত জগতের অনেকে।
অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বোমাতঙ্ক! নিশানায় বম্বে হাইকোর্ট ও স্টক এক্সচেঞ্জও
‘কাঁটে’, ‘কাবিল’-এর নির্মাতা আর নেই, কীভাবে মৃত্যু হল সঞ্জয় গুপ্তর?