ডিজেলের দাম ৫০ টাকা বাড়ানোর পরিস্থিতি! ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, বড় দাবি মোদীর

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও তার পুরো প্রভাব দেশের সাধারণ মানুষের উপর পড়তে দেয়নি কেন্দ্র। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য,…
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও তার পুরো প্রভাব দেশের সাধারণ মানুষের উপর পড়তে দেয়নি কেন্দ্র। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী দেশে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু সাধারণ মানুষ ও কৃষকদের কথা মাথায় রেখে দাম বাড়ানো হয়েছে মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার আর্থিক চাপ বহন করছে সরকার।
বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সম্মেলনে জ্বালানির দাম নিয়ে কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে সরকারকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা অতিরিক্ত আর্থিক চাপ সামলাতে হচ্ছে। মোদীর দাবি, এই খরচের বড় অংশ সরকার বহন করায় সাধারণ গ্রাহকদের উপর বাড়তি চাপ পড়েনি।
পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। তাঁর আরও দাবি, ভারতের তুলনায় প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
কৃষকদের জন্য সারের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক বাজারে প্রায় ৫ হাজার টাকা দামের ৫০ কেজির ডিএপি সারের বস্তা দেশের কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ১,৩০০ টাকায়।
কৃষিক্ষেত্রে দেশের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন মোদী। তাঁর দাবি, স্বাধীনতার পর প্রথমবার গত এক দশকে ভারতের কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের গণ্ডি পেরিয়েছে। বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষার উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১২ থেকে ১৩ বছরে দেশের ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য, কৃষিকে বাদ দিয়ে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ সম্ভব নয়। দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে কৃষির গুরুত্ব যে অপরিসীম, সেই বার্তাই এদিনের বক্তব্যে তুলে ধরেন তিনি।
CRPF জওয়ানদের উপর হামলার দায় নিল ‘পাসদরান-ই-হুরিয়ত’, RSS-কেও হুমকি
ডিলিমিটেশন বিল নিয়ে ফের তৎপর মোদী সরকার, বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র