আবাস যোজনায় ১২ হাজার অযোগ্য প্রাপককে টাকা ফেরতের নির্দেশ, ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু

কলকাতা: আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে এবার কড়া অবস্থান রাজ্য সরকারের। নিয়মের বাইরে গিয়ে যাঁরা বাড়ি তৈরির অনুদান পেয়েছেন, তাঁদের সেই টাকা ফেরত দিতে…
কলকাতা: আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে এবার কড়া অবস্থান রাজ্য সরকারের। নিয়মের বাইরে গিয়ে যাঁরা বাড়ি তৈরির অনুদান পেয়েছেন, তাঁদের সেই টাকা ফেরত দিতে হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে অযোগ্য উপভোক্তাদের। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না পড়লে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, যাচাইয়ের সময় ১২ হাজার অযোগ্য উপভোক্তার সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে ইতিমধ্যেই প্রায় এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার জনকে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যাঁরা নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের হাতে সরকারি অনুদানের টাকা রাখা যাবে না।
এদিন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, যাচাইয়ে ৫৭ হাজার ভুয়ো প্রাপকের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা পৌঁছল, তা খতিয়ে দেখা হবে। সরকারি আধিকারিকদের কোনও গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল বা সিআইডিকে দিয়ে তদন্ত করানোর পরিকল্পনার কথাও জানান।
রাজ্যে সরকার পরিবর্তনের পর ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ করা হয়। আগের সরকারের আমলে এই প্রকল্পে প্রায় ১৮-১৯ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পেয়েছিলেন। সরকার বদলের পর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে।
তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত অগস্টে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হয়। এর জন্য খরচ হয়েছিল প্রায় ৬২০০ কোটি টাকা। শুক্রবার আরও ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৪২০১ কোটি টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাড়ির নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা পরিবারগুলিকে কাজ শেষ করার সুযোগ দিতেই সরকার এই অর্থ দিচ্ছে। তাঁর দাবি, সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনও বিভাজন করা হচ্ছে না।
জাকির নায়েকের ইসলামিক রিসার্চকে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ করল মোদী সরকার
‘বাংলাদেশে হিন্দুদের উপর বাড়ছে অত্যাচার!’ উদ্বিগ্ন হাসিনা