Malda: ৩ দিন ধরে খোঁজ মিলছিল না, দুই বন্ধুকে একই সঙ্গে যেভাবে দেখলেন পড়শিরা | Malda News: Two Friends Found Dead in Kazigram Waterbody
পুকুর থেকে দুই যুবকের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
মালদহ: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায়। মৃত দুই যুবকের নাম ভাস্কর চৌধুরী (২৮) এবং অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। অন্যদিকে অনুপের বাড়ি খাসকোলে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এরপর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁদের সন্ধান মেলেনি।অবশেষে শুক্রবার সকালে কাজিগ্রামের একটি জলাশয়ে দুই যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইকও।পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁদের। পরিবারের অভিযোগ, অনুপের জামাইবাবু কয়েকদিন আগে তার শ্যালক কে কোন একটি বিষয় নিয়ে খুনের হুমকি দিয়েছিল। তারপর এই ঘটনা। তবে দুই যুবকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। কীভাবে দুই বন্ধুর মৃত্যু হল, তাঁরা কীভাবে জলাশয়ে পৌঁছলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছে পুলিশ।