ISL 2026-27: যুবভারতীতে দিলজিতের কনসার্ট, পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ! কবে হবে? | East Bengal Vs NorthEast United Match Postponed Due To Diljit Dosanjh Concert At Salt Lake Stadium
কলকাতা: এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক বিরতি। নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে গিয়েছে ভারত। তারই মধ্যে আইএসএল নিয়েও আপডেট দেওয়া হল। পিছিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের ম্যাচ। আইএসএল ২০২৬-২৭ এ ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচটি পিছিয়ে দেওয়া হল বলে জানা গিয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হল, ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠান করবেন বিশ্বখ্যাত পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে তাঁর কনসার্ট। এর ঠিক দিন দুয়েক পরেই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। দুই দিনের মধ্যে মাঠটি খেলার যোগ্য করে তোলা যাবে না বলে সূত্রের খবর। সেই জন্যই খুব সম্ভবত, এই ম্যাচের সময় পরিবর্তন হচ্ছে।
বৃহস্পতিবার সোশাল মিডিয়াতে আইএসএল কর্তৃপক্ষ পোস্ট করে জানিয়েছে এই সময় বদলের কথা। একই সঙ্গে আরও ৩ ম্যাচের সূচি বদল হয়েছে। ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ম্যাচটি ২১ ডিসেম্বরের বদলে হবে ১২ জানুয়ারি, বিকেল ৫টা থেকে। ৩০ নভেম্বর নর্থইস্ট পাঞ্জাবের সঙ্গে খেলবে বিকেল ৫টা থেকে। এই ম্যাচ হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এর পাশাপাশি একই দিনে মুম্বই বনাম চেন্নাইয়িন ম্যাচটি পিছিয়ে সন্ধ্যাবেলা করা হয়েছে।
সোশাল মিডিয়াতে বেশ জনপ্রিয় দিলজিৎ। ২০২৪ ও কলকাতায় শো করেছিলেন তিনি। সেই শো এত প্রচার পেয়েছিল, যে আশা করাই হচ্ছিল আবার শহরে আসতে পারেন এই পাঞ্জাবি গায়ক। তাই এবার যুবভারতী স্টেডিয়ামে পারফর্ম করতে দেখা যাবে দিলজিৎকে। এই মুহূর্তে ৩ ম্যাচে ২ জয়সহ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে ইস্টবেঙ্গল। উল্টো দিকে, ৫ ম্যাচ খেলে ৪ জয় ও ১ হারসহ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহনবাগান।