Chandannagar Jagadhatri Puja: কেন চাউলপট্টির জগদ্ধাত্রীকে আদিমা বলা হয়? সাড়ে তিনশো বছর ইতিহাস চমকে দেবে... | Chandannagar Jagadhatri Puja: Chandannagar's First Jagadhatri Puja is 350 Year Old, Know History of Adi Maa of Chawal patty - 24 Ghanta Bangla News
Home

Chandannagar Jagadhatri Puja: কেন চাউলপট্টির জগদ্ধাত্রীকে আদিমা বলা হয়? সাড়ে তিনশো বছর ইতিহাস চমকে দেবে… | Chandannagar Jagadhatri Puja: Chandannagar’s First Jagadhatri Puja is 350 Year Old, Know History of Adi Maa of Chawal patty

Spread the love

চন্দননগরের আদিমার ইতিহাস। Image Credit: TV9 বাংলা

চন্দননগর: দুর্গাপুজো শেষ। মা উমা ফিরে গিয়েছেন কৈলাশে। তবে কথায় আছে নাহ, বাঙালির বারো মাসে তেরো পার্বণ! মা দুর্গাও কিন্তু দুর্গাপুজোর পর মর্ত্যে আসেন অন্য রূপে, জগদ্ধাত্রী রূপে। সেই কারণেই দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোয় হয় চারদিন ধরে। আর জগদ্ধাত্রী পুজো বলতেই প্রথমে মাথায় আসে চন্দননগরের কথা।

হুগলি নদীর পাড়ে এক সময়ে ফরাসি উপনিবেশ থাকা চন্দননগরবাসীর কাছে দুর্গাপুজোর থেকেও যেন বেশি আনন্দের জগদ্ধাত্রী পুজো। প্রায় প্রতিটি রাস্তার মোড়েই বিখ্যাত সব পুজো হয়। তবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা বললে বা দেখতে গেলে প্রথমে যে নামটি শোনা যায়, তা হল আদিমা-র পুজো। কীভাবে এই পুজো শুরু হয়েছিল জানেন?

চন্দননগরের চাউলপট্টিতে যে জগদ্ধাত্রী পুজো হয়, তা-ই আদিমা নামে পরিচিত। বলা হয়, চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল এই চাউলপট্টিতেই। সেই কারণেই তিনি আদিমা। এই বছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন আদিমার পুজোর।

পুজোর ইতিহাস-

কথিত আছে, প্রায় সাড়ে তিনশো বছর আগে ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম এই জগদ্ধাত্রী পুজো চালু করেন। তিনি ফরাসি সরকারের দেওয়ান ছিলেন। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে তিনি অনুপ্রাণিত হয়ে, চন্দননগরেও মায়ের পুজো শুরু করার উদ্যোগ নেন। এরপরে ছিল ফরাসি প্রশাসনের অনুমতির অপেক্ষা। তারা অনুমতি দেওয়ার পর লক্ষ্মীগঞ্জ চাউলপট্টিতে আদিমা-র পুজো শুরু হয়। অনেকে আবার বলেন, ইন্দ্রনারায়ণ চৌধুরী স্বপ্নাদেশ পেয়েছিলেন চন্দননগরে পুজো শুরু করার।

পুজোর আচার-

এই পুজোয় পুরুষরাই প্রধানত আচার-অনুষ্ঠান পরিচালনা করেন। মাকে বরণ থেকে পুজো, বিসর্জন- সবই করেন পুরুষরা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত নিরামিষ ভোগ নিবেদন করা হয়। বলিপ্রথাও প্রচলিত রয়েছে আদিমার পুজোতে।

চন্দননগরের আদিমা বাকিদের থেকে কিছুটা আলাদা। সমস্ত জগদ্ধাত্রী প্রতিমার ডানদিকে হাতি থাকলেও এখানে বাঁদিকে হাতি থাকে। দেবীর বাহন সিংহের রঙ হয় সাদা।

বলা হয়, এটি চন্দননগরের প্রথম বারোয়ারি পুজো ছিল বলেই দেবী মায়ের নাম আদিমা। দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখতে। মায়ের কাছে অনেকে মানতও করেন। সেই মনস্কামনা পূরণ হলে, মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসায় অনেকে নানা অলঙ্কার দেন। সেই সাজেই জগদ্ধাত্রী পুজোর চারটি দিন সেজে ওঠেন মা।

শুধু হিরা নয়, দেবীকে প্রায় এক কেজি সোনা ও দশ কেজি রুপোর গয়নাও পরানো হয়। মুকুট, গলার হার, কানের দুল, হাতের চাঁদমালা ইত্যাদি সবই মূল্যবান ধাতুর। ভক্তদের দেওয়া বেনারসি শাড়িই মাকে পরানো হয়। প্রতিবছর পুজোর সময় এখানে ১০০০টি বেলপাতা দিয়ে হোম হয়।

পুজোয় যা কিছু দেওয়া হয়, তাও গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। পুজোর চারটে দিন ২০০ থেকে ৪০০ কেজি ভোগ রান্না হয়। আগত সকল পুণ্যার্থীকে সেই ভোগ দেওয়া হয়। তাতেও কম পড়ে না কখনও। আদিমাকে যে শাড়িগুলি দেওয়া হয়, তা পুজোর পর গরিব মহিলাদের বিলিয়ে দেওয়া হয়। আর মাকে উৎসর্গ করা বেনারসি শাড়ি পরেই বিয়ে হয় দুঃস্থ পরিবারের মেয়েদের। পুজোয় পাওয়া সমস্ত ফল প্রতি বছর পুজোর পর চন্দননগরের হাসপাতালে নিয়ে গিয়ে রোগীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *