Calcutta High Court: জাহাঙ্গিরের বাড়ি আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের | Calcutta high court stays demolition of jahangir khans falta house - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: জাহাঙ্গিরের বাড়ি আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের | Calcutta high court stays demolition of jahangir khans falta house

Spread the love

কলকাতা: ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বেআইনি নির্মাণের অভিযোগে গত বুধবার থেকে তাঁর ফলতার বাড়ি ভাঙার কাজ চলছিল। বৃহস্পতিবারও ভাঙার কাজ চলে। তবে, এখন বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত বন্ধ থাকবে বাড়ি ভাঙার কাজ। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

আপাতত জেলে রয়েছেন জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। তাঁর বিরুদ্ধে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান জাহাঙ্গির।

আদালতে মামলার শুনানি

ওই মামলার শুনানিতে এদিন বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, জাহাঙ্গির জেলে রয়েছেন। তাহলে কীভাবে চিনলেন বাড়িটি জাহাঙ্গিরের? বিচারপতির প্রশ্ন, “কীভাবে বাড়িটি চিনলেন? উনি তো জেলে আছেন। নোটিশ কোথায়?”

প্রশ্নের উত্তরে রাজ্যের এজি সুরজিত মিত্র জানান, দু’জন স্থানীয় বাড়িটি চিহ্নিত করেছিলেন। তার আগে পোস্টে পাঠানো হয় নোটিশ। মামলাকারীর আইনজীবী কিশোর দত্তের সওয়াল, নোটিশে কোনও সাক্ষর নেই। তাঁর দাবি, জাহাঙ্গির বাড়ির ঠিকানা এটি লিখলেও অন্যত্র থাকতেন। কিশোর দত্তের অভিযোগ, গতকাল মামলার পর কাজ আরও দ্বিগুন করা হয়। দ্রুত গতিতে বাড়ি ভাঙা হয়। এজির দাবি, যাবতীয় বিষয় ভিডিয়ো করা হয়েছে। নোটিশ সাঁটানোর ভিডিয়োও আদালতে জমা দেওয়া হবে।

রাজ্যের দাবি, জেলা পরিষদ জানিয়েছে ওই বাড়িটির কোনও স্যাংশান প্ল্যান ছিল না। প্রথম থেকেই সব জানতেন জাহাঙ্গির। নোটিশের বিষয়ও তাঁর জানা ছিল বলে দাবি।

এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, আপাতত বাড়ি ভাঙা বন্ধ রাখতে হবে। এই সপ্তাহের শনিবার ও রবিবার বাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজ্যকে ভিডিয়ো জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *