Buxa Tigress: বক্সার বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? এবার যা জানালেন বনমন্ত্রী… | Buxa Tigress Update: Pregnancy Claims Under Investigation, Forest Minister Manoj Kumar Oraon Awaits Central Team Report
আলিপুরদুয়ার: বক্সা থেকে পালিয়ে যাওয়া বাঘিনি (Buxa Tigress Update) কি অন্তঃসত্ত্বা ছিল? এই নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, এমন কোনও তথ্য তাঁর কাছে নেই। তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। কোথাও কোনও গাফিলতি হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে। পাশাপাশি বাঘিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Buxa Tigress Pregnancy Rumour) মাদারিহাটে বন দফতরের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি।
বনদফতরের জরুরি বৈঠক
বৃহস্পতিবার ৩টা ৪৫ মিনিট নাগাদ বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বক্সার বাঘিনিকে ঘিরে সাম্প্রতিক ঘটনা তো রয়েছেই, সেইসঙ্গে বন দফতরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। বাঘিনি অন্তঃসত্ত্বা ছিল কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে বনমন্ত্রী জানান, এই মুহূর্তে তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। তদন্তকারী দলের রিপোর্ট সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে।
বনমন্ত্রী জানান, কেন্দ্রীয় তদন্তকারী দল ইতিমধ্যেই এসে তদন্তের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। কোথাও কোনও গাফিলতি হয়ে থাকলে তা অবশ্যই চিহ্নিত করা হবে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এই প্রথম বাঘের রিলোকেশন করা হয়েছে। তাই এই প্রক্রিয়ার প্রতিটি দিক খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর কোথায় কী সমস্যা হয়েছে, তা বোঝা যাবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বাঘিনিকে নিয়ে কী বললেন বনমন্ত্রী?
বাঘিনির শারিরীক অবস্থা প্রসঙ্গে বনমন্ত্রী জানান, বাঘিনী সুস্থ রয়েছে , তবে অন্তঃসত্ত্বা ছিল কিনা সেই বিষয়ে তাঁর কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে বাঘিনির গতিবিধির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সকালে কোথায় যাচ্ছে, দুপুরে কী করছে, রাতে কোথায় থাকছে, এমনকী কখন বিশ্রাম নিচ্ছে, তার বিস্তারিত তথ্য বন দফতরের কাছে রয়েছে।
বনমন্ত্রীর দাবি, বক্সায় থাকা অন্য বাঘিনির আচরণ স্বাভাবিক রয়েছে কি না, তা নিয়েও খোঁজ নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক। স্বাভাবিক নিয়মেই চলাফেরা, খাবার খাওয়া এবং বিশ্রাম নিচ্ছে সে। এমনকী দু’দিন আগে বাঘিনির অবস্থান এলাকায় একটি বীটের মধ্যে চিতল হরিণ অথবা অন্য কোনও প্রাণীর লোম পাওয়া গিয়েছে। বনমন্ত্রীর বক্তব্য, এর থেকে বোঝা যাচ্ছে বাঘিনি শিকার করছে এবং স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে।
অন্যদিকে, বক্সার বাঘিনি বর্তমানে ঠিক কোথায় রয়েছে, তা স্পষ্ট করে জানাতে চাননি বনমন্ত্রী। তিনি জানান, একদিকে ভুটান, অন্যদিকে অসম। বাঘিনি স্বাভাবিক ভাবেই বিভিন্ন এলাকায় চলাফেরা করতে সক্ষম। তবে বন দফতরের নজরদারির মধ্যেই রয়েছে সে। শুধু কেন্দ্রীয় তদন্তকারী দলই নয়, বন দফতরের নিজস্ব দলও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কেন্দ্রীয় তদন্তকারী দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান বনমন্ত্রী।