Anirudh-Kavya Maran: কাব্য-অনিরুদ্ধর গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট! প্রধানমন্ত্রী থেকে শাহরুখ, আমন্ত্রিতদের তালিকায় আর কে কে? | Kavya Maran Anirudh Ravichander Grand Reception in Chennai: PM Modi, SRK, and CM Vijay on Guest List
শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী— কে নেই সেই ভিভিআইপি তালিকায়! গ্রিসে চুপিসারে বিয়ে সেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালকিন কাব্য মারান এবং বর্তমান প্রজন্মের সেনসেশন, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ১১ নভেম্বরের সেই রূপকথার বিয়ের ঘোর এখনও কাটেনি নেটিজেনদের। সোশাল মিডিয়ায় জুটির বিয়ের ছবি রীতিমতো ভাইরাল। এরই মাঝে এবার চেন্নাইয়ে বসতে চলেছে তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন। আগামী ২১ নভেম্বর এই মেগা পার্টির সাক্ষী থাকবে গোটা দেশ। বিনোদন জগৎ থেকে রাজনীতির ময়দান, সব ক্ষেত্রের রথী-মহারথীরা উপস্থিত থাকবেন এই জমকালো অনুষ্ঠানে।
কারা কারা উপস্থিত থাকবেন?
কাব্যর বাবা তথা সান গ্রুপের কর্ণধার কলানিধি মারান মেয়ের রিসেপশনের আয়োজনে কোনও খামতি রাখেননি। স্ত্রী কাবেরী মারানকে সঙ্গে নিয়ে তিনি নিজে দেশের প্রথম সারির নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও সোনিয়া গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীদের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং তেলঙ্গানার রেবন্ত রেড্ডির নাম রয়েছে। বাদ যাননি এমকে স্ট্যালিন এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারও। এককথায়, চেন্নাইয়ের এই অনুষ্ঠানে রীতিমতো হাই-প্রোফাইল রাজনীতিবিদদের মেলা বসতে চলেছে।
বলিউড বা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিই বা পিছিয়ে থাকে কেন! অনিরুদ্ধ এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় সুরকার। সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাঁর তো পারিবারিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে ‘জওয়ান’ ছবির হিট মিউজিক দেওয়ার পর থেকে কিং খান অনিরুদ্ধকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। তাই শাহরুখেরও এই পার্টিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। থাকতে পারেন অস্কারজয়ী সুরকার এআর রহমানও। যেহেতু কাব্য মারান আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালকিন, তাই দলের প্রিয় ক্রিকেটারদেরও দেখা যাবে এই পার্টিতে। ক্রিকেট আর গ্ল্যামার দুনিয়ার এমন যুগলবন্দি সচরাচর দেখা যায় না।
কেমন ছিল গ্রিসের বিয়ে?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গ্রিসের নীল জলের ধারে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছেন তাঁরা। সেখানে কোনও মন্ত্রপাঠ বা সাতপাক ঘোরার মতো প্রথা ছিল না। শুধুমাত্র মঙ্গলসূত্র পরিয়েই চার হাত এক হল জুটির। কাব্যর পরনে ছিল ডাস্টি রোজ রঙের সুন্দর মারমেড লেহেঙ্গা, সঙ্গে মানানসই হিরের গয়না। অন্যদিকে শ্যাম্পেন রঙের কুর্তা ও পিচ সিল্কের ভেষ্টিতে নজর কেড়েছেন বর। নেটিজেনরা বলছেন, একেবারে ‘মেড ফর ইচ আদার’। এখন শুধু ২১ নভেম্বরের ওই রাজকীয় আয়োজনের অপেক্ষা, যেখানে এক ছাদের তলায় দেখা যাবে গোটা দেশের তারকাদের।