Amitabh Bachchan Jalsa: ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকির মাঝেই অমিতাভের সম্পত্তি নিয়ে টানাপোড়েন, জয়া বচ্চনের বিরুদ্ধে বিস্ফোরক বিগ বির ভাইয়ের বউ | Amitabh bachchan jalsa bungalow legal dispute romola bachchan property controversy
মুম্বইয়ের দর্শনীয় স্থান এবং অমিতাভ বচ্চনের আবেগজড়িত ঠিকানা ‘জলসা’ বাংলো বর্তমানে খবরের শিরোনামে রয়েছে কেবল নিরাপত্তার হুমকির কারণে নয়, বরং একেবারে বড়সড় এক আইনি বিবাদের জেরে। একদিকে ঘন ঘন ইমেল মারফত বচ্চন পরিবারকে উড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের প্রাক্তন স্ত্রী রমোলা বচ্চনের বিস্ফোরক দাবি—সব মিলিয়ে চরম অস্বস্তিতে বচ্চন পরিবার।
বলিউড সূত্রে প্রকাশ, অমিতাভ পত্নী জয়া বচ্চনের নামে ‘জলসা’র মালিকানা হস্তান্তরের পুরো প্রক্রিয়াটিকেই চ্যালেঞ্জ জানিয়েছেন রমোলা বচ্চন। তাঁর দাবি, ১৯৯৩ সালের একটি বিতর্কিত গিফট ডিড বা দানপত্রের মাধ্যমেই নাকি এই আইকনিক বাংলোর মালিকানা বেআইনিভাবে জয়া বচ্চনের নামে করা হয়েছে। রমোলার অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের এই গোটা প্রক্রিয়ার বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না এবং তাঁর কোনওরকম সম্মতিও নেওয়া হয়নি।
রমোলা বচ্চনের আইনজীবীদের দাবি, ১৯৯৩ সালে যখন ওই গিফট ডিড তৈরি করা হয়, তখন কোনও ধরনের স্ট্যাম্প ডিউটি জমা না দিয়েই সাধারণ কাগজে তা প্রস্তুত করা হয়েছিল। এমনকি ওই দলিলে প্রয়োজনীয় সাক্ষীদের স্বাক্ষর পর্যন্ত ছিল না বলে তাঁর অভিযোগ। পরবর্তীকালে কীভাবে সেই বিতর্কিত দলিল রেজিস্ট্রি করা হল এবং ‘অভয় যোজনা’ প্রকল্পের অধীনে এটিকে বৈধতা দেওয়া হলো, সেই নিয়েও তীব্র আপত্তি তুলেছেন রমোলা। বর্তমানে আন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি এই বিষয়ে শুনানির প্রক্রিয়া শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন।
‘কপোল হাউজিং সোসাইটি’-র কাগজপত্রে বাড়িটি জয়া বচ্চনের নামে নথিভুক্ত থাকলেও, সরকারি ‘প্রপার্টি কার্ড’-এর রেকর্ডে এখনও নাকি জলসার মালিক হিসেবে রমোলার নামই রয়েছে! উল্লেখ্য, ১৯৯৮ সালে অজিতাভ বচ্চনের সঙ্গে রমোলার বিবাহবিচ্ছেদ হলেও, সম্পত্তি হস্তান্তরের সময় তাঁরা বৈবাহিক সম্পর্কেই ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘সত্তে পে সত্তা’ ছবির পারিশ্রমিক হিসেবে প্রযোজক এন সিপ্পির কাছ থেকে এই বাংলোটি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। যে বাড়িতে রবিবার, হাজার হাজার অনুরাগীর উপচে পড়া ভিড় জমে—সেই ঐতিহাসিক ‘জলসা’র মালিকানা নিয়েই এবার বিপাকে বচ্চন পরিবার।