গোপন অ্যাজেন্ডা নেই, সুষ্ঠু পরিষেবা দিতেই সমন্বয়ক - 24 Ghanta Bangla News
Home

গোপন অ্যাজেন্ডা নেই, সুষ্ঠু পরিষেবা দিতেই সমন্বয়ক

Spread the love

এই সময়: কলকাতার ওয়ার্ডগুলিতে কোঅর্ডি‍নেটর বসানোর পিছনে রাজ্য সরকারের কোনও গোপন অ্যাজেন্ডা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা হাইকোর্টে ওয়ার্ড ডিলিমিটেশনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে মামলার জেরে পিছিয়ে গিয়েছে কলকাতা পুরভোট। তবে কলকাতার বাসিন্দাদের পরিষেবা দিতে প্রতিটি ওয়ার্ডে কোঅর্ডিনেটর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই কোঅর্ডিনেটররা যে রাজ্যের শাসকদলের লোক হবেন, সেটাও খোলসা করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এরপরে বিরোধী দলগুলির তরফে প্রচার শুরু হয়, কোঅর্ডিনেটর বসানোর অছিলায় বিজেপি আসলে কলকাতা পুরসভাকে বিরোধীশূন্য করতে চাইছে, ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে গণতান্ত্রিক রীতিনীতিও।

বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে‍ন, কোঅর্ডিনেটর বসানোর সিদ্ধান্তের পিছনে রাজ্য সরকারের কোনও গোপন অভিসন্ধি নেই।

শুভেন্দুর কথায়, ‘খোলাখুলি বলছি, কোঅর্ডিনেটর নিয়োগ করার পিছনে আমাদের কোনও গোপন অ্যাজেন্ডা নেই।’ এ দিন অবশ্য সরাসরি বিজেপির লোকদের কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করার কথা বলেননি মুখ্যমন্ত্রী। তবে ঠারেঠোরে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিজেপি–বিরোধী কাউকে ওই পদে বসানো হবে না। শুভেন্দু বলেন, ‘কোঅর্ডিনেটর হিসেবে তাঁদেরই নিয়োগ করা হবে, যাঁরা সরকারকে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না।’

পুরসভার ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। সিঙ্গল বেঞ্চ তাতে হস্তক্ষেপ না–করায় বিষয় ডিভিশন বেঞ্চে যায়। আদা‍লতের নির্দেশ, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না–হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এরপরেই কলকাতার ওয়ার্ডগুলিতে কোঅর্ডিনেটর বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এ দিনের ছটপুজোর অনুষ্ঠান থেকে হাওড়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘১২ বছর হাওড়ার মানুষ পরিষেবা পাননি। দু’ঘণ্টার বৃষ্টিতে হাওড়ায় কী অবস্থা হয়, সেটা সবাই জানেন। সব দায়িত্ব সরকারি আধিকারিকদের পক্ষে নেওয়া সম্ভব না। তাঁদের সীমাবদ্ধতা আছে। ছ’মাস, এক বছর তাঁরা দায়িত্ব সামলাতে পারেন, তারপরে আর সম্ভব নয়।’

তাঁর সংযোজন, ‘১২ বছর হাওড়ায় ভোট হয়নি। আমরা যখন ডিলিমিটেশন করে হাওড়া–কলকাতায় ভোট করার প্রস্তুতি নিচ্ছি, তখন ওরা (বিরোধীরা) কোর্টে চলে গেল। ভোট লড়লে ওদের জামানত জব্দ হবে।’ শুভেন্দুর দাবি, ‘যারা ভোটে হারার ভয় পায়, তারাই কর্পোরেশনের ভোট ভেস্তে দিতে চায়।’ রাজ্যের পরবর্তী পরিকল্পনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলে‍ন, ‘আমি সুপ্রিম কোর্টে যাব। ১ ডিসেম্বর থেকে প্রতিটা ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ করে দেবো। পরিশুদ্ধ পা‍নীয় জল, ভালো রাস্তা— এটা পাওয়া মানুষের অধিকার।’

হাওড়াতেও ডিলিমিটেশনের পরে ওয়ার্ড সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬৮ হয়েছে। কিন্তু কলকাতার মতো হাওড়ার ক্ষেত্রে ওয়ার্ড পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে এখনও মামলা হয়নি। ফলে কলকাতার মতো হাওড়ায় ভোট প্রক্রিয়া স্থগিত হয়‍নি। তবে হাওড়ার ক্ষেত্রেও মামলার তোড়জোড় শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

বিজেপি অবশ্য সাংগঠনিক ভাবে এ সব প্রশাসনিক জটিলতার মধ্যে ঢুকতে চাইছে না। তারা প্রচার করছে, নিতান্ত ভোট না–হলে কোঅর্ডিনেটর বসাতেই হবে। এ প্রসঙ্গে কলকাতা পুরভোটে বিজেপির ভার‍প্রাপ্ত নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা চাই, দ্রুত নির্বাচন হোক। এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই কলকাতা পুরসভা পরিচালনা করুন। আদা‍লতের কাছে আমাদের একটাই অনুরোধ, এই মামলার দ্রত নিষ্পত্তি ঘটিয়ে নির্বাচন করানো হোক।’

‘মমতা–তৃণমূলে’র মুখপাত্র কুণাল ঘোষের অবশ্য বক্তব্য, ‘প্রতিটি ওয়ার্ডে কোঅর্ডিনেটর বসানোর পিছনে বিজেপির যদি কোনও গোপন অ্যাজেন্ডা না–থাকে, তবে যে ওয়ার্ডে যাঁরা কাউন্সিলার ছিলেন তাঁদেরই কোঅর্ডিনেটর করে দেওয়া হোক।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘আসলে ওরা চাইছে নির্বাচন না–করে মনোনয়নের মাধ্যমে সব জায়গায় নিজেদের আধিপত্য কায়েম করতে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *