কাট–অফ শিথিলতায় লাগাম টানতে চেয়ে কেন্দ্রের সুপারিশ
এই সময়: নেগেটিভ নম্বরে আর ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির সুযোগ নয়— কাট-অফের ক্ষেত্রে কয়েক বছর ধরে চলা শিথিলতার অবস্থানে লাগাম টানার সুপারিশ করল কেন্দ্র। আসন ফাঁকা থাকবে, এই অজুহাতে চিকিৎসা-শিক্ষার ন্যূনতম মানদণ্ড বিসর্জন দেওয়া যাবে না, এই মর্মেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ১২ সদস্যের বিশেষজ্ঞ–কমিটি।
কেন্দ্রের স্পষ্ট বক্তব্য, এমডি–এমএস কোর্সের মতো স্নাতকোত্তর চিকিৎসা–শিক্ষায় আসন ফাঁকা পড়ে থাকবে, এই অজুহাতে নিট-পিজি প্রবেশিকা পরীক্ষার যোগ্যতামান এমন ভাবে কমানো যাবে না, যাতে অত্যন্ত দুর্বল ফল বা নেগেটভ নম্বর পাওয়া প্রার্থীরাও ভর্তির সুযোগ পান। প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার গুরুত্ব যেন আসন পূরণের প্রশাসনিক আনুষ্ঠানিকতায় পর্যবসিত না–হয়, সে কথাই বলা হয়েছে।
এই সুপারিশের পিছনে রয়েছে গত কয়েক বছর ধরে নিট-পিজি কাউন্সেলিংয়ে আসন ফাঁকা থাকা এবং তা পূরণ করতে বার বার যোগ্যতামান কমানোর প্রবণতা। ২০২৩ সালে শূন্য পার্সেন্টাইল পর্যন্ত নামানো হয়েছিল কাট-অফ। ২০২৪–এর ভর্তি-প্রক্রিয়াতেও কাউন্সেলিং–পর্বে সাধারণ এবং ইডব্লিউএস (আর্থিক ভাবে দুর্বল শ্রেণির) প্রার্থীদের যোগ্যতামান ১৫ পার্সেন্টাইল এবং তফসিলি জাতি–তফসিলি উপজাতি–ওবিসি প্রার্থীদের যোগ্যতামান ১০ পার্সেন্টাইলে নামানো হয়। এতে প্রশ্ন ওঠে, আসন ভরাতে গিয়ে প্রবেশিকা পরীক্ষার ন্যূনতম মানদণ্ডই কি ক্রমশ অর্থহীন হয়ে পড়ছে?
এই বিতর্কই তীব্রতর হয় ২০২৫ সালে। গত বছর ১৯ অগস্ট ফল প্রকাশের পরে কাউন্সেলিংয়ের দুই পর্বের শেষে প্রায় ৯ হাজার আসন ফাঁকা ছিল। ২০২৬–এর ১৩ জানুয়ারি নিট–পিজি পরিচালক কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)’ তৃতীয় পর্বের কাউন্সেলিংয়ের জন্য কাট-অফ আরও কমায়।
সাধারণ এবং ইডব্লিউএসের ক্ষেত্রে সেটা ৫০ থেকে ৭ পার্সেন্টাইল, সাধারণ বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ থেকে ৫ এবং তফসিলি জাতি–উপজাতি–ওবিসি শ্রেণির ক্ষেত্রে ৪০ থেকে শূন্য পার্সেন্টাইল করা হয়। এর ফলে ৮০০-র মধ্যে মাইনাস ৪০ নম্বর পাওয়া প্রার্থীরাও কাউন্সেলিংয়ে বসার যোগ্য হন।
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেন সমাজকর্মী হরিশরণ দেবগন-সহ কয়েক জন। তাঁদের যুক্তি, নেগেটিভ নম্বর পাওয়া প্রার্থীদের ভর্তির যোগ্য করে তোলা আদতে চিকিৎসা–শিক্ষার মান, ভবিষ্যতের চিকিৎসা পরিষেবা এবং রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।
উল্টো দিকে কেন্দ্রের বক্তব্য ছিল, নিট-পিজি মূলত আসন বণ্টনের জন্য প্রার্থীদের মধ্যে মেধাক্রম তৈরির পরীক্ষা— এমবিবিএস পাশের মাধ্যমে তাঁদের প্রাথমিক চিকিৎসাগত যোগ্যতা ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। আসন ফাঁকা থাকাও বাস্তব সমস্যা। এই দুই যুক্তির মধ্যে ভারসাম্য খুঁজতেই শীর্ষ আদালত স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে।
সুপ্রিম কোর্ট এর আগে মে মাসে মন্তব্য করেছিল, প্রতি বছর একই সমস্যা আদালতে এসে হাজির হচ্ছে, অথচ স্থায়ী সমাধান হচ্ছে না! বার বার কাট-অফ কমানোর সিদ্ধান্তে এক দিকে কাউন্সেলিংয়ের নিয়ম ও প্রার্থীদের প্রত্যাশা অনিশ্চিয়তায় পড়ে যাচ্ছে। অন্য দিকে আসন ফাঁকা থাকার মূল কারণ— বিশেষত কিছু নন-ক্লিনিক্যাল বিষয়ে কম আগ্রহ, ফি ও বন্ডের বাধা এ সব বাস্তবে আড়ালেই থেকে যাচ্ছে।
এর প্রেক্ষিতে গত ২৩ জুলাই ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) লোভনীশ জি কৃষ্ণের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র। কমিটিকে ভর্তি ব্যবস্থার খামতি খতিয়ে দেখে কার্যকর সংস্কারের প্রস্তাব দিতে বলা হয়। সেই কমিটিই শীর্ষ আদালতে রিপোর্ট দিয়ে স্বাস্থ্য–শিক্ষার মানের সঙ্গে আপস না–করার কথা জানিয়েছে।