উঠে যাচ্ছে রেলের RAC সিস্টেম? সংসদীয় কমিটির সুপারিশে বিকল্প পদ্ধতির ভাবনা - 24 Ghanta Bangla News
Home

উঠে যাচ্ছে রেলের RAC সিস্টেম? সংসদীয় কমিটির সুপারিশে বিকল্প পদ্ধতির ভাবনা

Spread the love

রিজ়ার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন (RAC) সুবিধা তুলে দেওয়ার কথা ভাবছে রেল। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, RAC-তে রিজ়ার্ভেশন বাতিল হওয়া সিট দু’জন যাত্রীকে ভাগ করে দেওয়া হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। তাছাড়া ব্যবস্থাটাও বহু পুরোনো। তাই বিষয়টা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে চাইছে রেল।

RAC টিকিটের ক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট বার্থ দু’জনকে ভাগ করে দেওয়া হয়। ফলে রাতে ঘুমোনোর সুযোগ মেলে না বললেই চলে। পুরো টিকিটের ভাড়া দিতে হলেও, পুরো সিট না মেলায় অসন্তোষ থাকে অনেকেরই। আবার কোনও সিট যদি একজন পুরুষ এবং একজন মহিলা যাত্রীর মধ্যে ভাগাভাগি হয়, তা হলে অনেকেই বেঁকে বসেন। তখন তাঁদের নতুন ব্যবস্থা করতে টিকিট পরীক্ষককে প্রচুর কাঠখড় পোড়াতে হয়।

আগে টিকিট বুকিংয়ের যন্ত্রচালিত ব্যবস্থা ছিল না। হাতে লিখে বুকিং করা হতো। সেই সময়েই RAC পরিষেবা চালু হয়। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন রেলের কর্তারাই। এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘কোনও যাত্রীকে ঘুমোনোর জায়গা না দিয়েও তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া ঠিক নয়।’

গত ফেব্রুয়ারিতে সংসদীয় কমিটিও RAC যাত্রীদের পুরো ভাড়া নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। সংসদে পেশ করা ‘Punctuality and Travel Time in Train Operations in Indian Railways’ শীর্ষক রিপোর্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) RAC ব্যবস্থাকে অন্যায্য বলে উল্লেখ করে বলে, ‘পুরো বার্থ না পাওয়ার পরেও যাত্রীদের পুরো ভাড়া নেওয়া ঠিক নয়, তাঁদের আংশিক ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা হোক।’

RAC ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি বিকল্প পদ্ধতি নিয়েও চিন্তা-ভাবনা করছে রেল। দু’জনকে একটি বার্থ ভাগ করে দেওয়ার পরিবর্তে প্রত্যেককে আলাদা বার্থ দেওয়া যায় কি না, দেখা হচ্ছে। কম ভাড়া নেওয়া কিংবা টিকিট আপগ্রেডের জন্য নতুন ব্যবস্থা চালু করা নিয়েও চিন্তা ভাবনা চলছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *