ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের চাপ নেতানিয়াহুর, ওয়াশিংটনে ইজরায়েলের গোয়েন্দাপ্রধান

ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়াচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন…
ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়াচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে তাঁর বৈঠক হওয়ার কথা। Axios-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে CIA ডিরেক্টর জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করতে পারেন গোফম্যান। পাশাপাশি হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তাঁর মায়ামি যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন
ইরান নিয়ে আমেরিকা ও ইজরায়েলের মধ্যে মতপার্থক্য
ইরানের সঙ্গে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, তা নিয়ে আমেরিকা ও ইজরায়েলের নেতৃত্বের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করতে আগ্রহী নন বলেই ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহু মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদে ইজরায়েলের জন্য বড় বিপদ তৈরি করতে পারে।
সম্প্রতি দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথন নিয়েও বিতর্ক তৈরি হয়। ইজরায়েলের সংবাদমাধ্যম Ynet দাবি করেছিল, গত সপ্তাহান্তে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ফের শুরু করা নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। এক সূত্রের দাবি ছিল, সেই কথোপকথন ছিল ‘নরকসম চিৎকারের লড়াই’।
তবে এক ইজরায়েলি আধিকারিক কথোপকথনের বিষয়টি নিশ্চিত করলেও সেটিকে উত্তপ্ত বা কঠিন আলোচনা বলে বর্ণনা করার বিরোধিতা করেন। তাঁর দাবি, কথোপকথনটি ‘মোটেই কঠিন ছিল না’। পরে নেতানিয়াহুর দফতরও দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর অস্বীকার করে। ওই প্রতিবেদনকে ‘ভুয়ো খবর’ এবং ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে দাবি করা হয়।
আপাতত সামরিক অভিযান নয়, স্থিতাবস্থা বজায় রাখতে চান ট্রাম্প
কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা আপাতত পরিস্থিতি যেমন রয়েছে, তেমনই রাখছি।”
ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, ওয়াশিংটন এখনই নতুন করে সামরিক হামলার পথে হাঁটতে চাইছে না। বরং অর্থনৈতিক চাপ বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার দিকেই আপাতত বেশি আগ্রহী মার্কিন প্রশাসন।
ইরানের শাসনব্যবস্থা বদলের পক্ষে সওয়াল নেতানিয়াহুর
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার ইজরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা থেকে ইরান সরে আসছে না।”
তিনি আরও বলেন, “এই অস্তিত্বের সংকট স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হল আয়াতোল্লাদের শাসনের অবসান ঘটানো।”
নেতানিয়াহুর এই বক্তব্য থেকে ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে ইজরায়েলের অবস্থান স্পষ্ট। তবে নতুন করে সামরিক অভিযান শুরু হবে কি না, তা নিয়ে এখনও ওয়াশিংটন ও তেল আভিভের মধ্যে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে মোসাদ প্রধানের মার্কিন সফর দুই দেশের মধ্যে ইরান-নীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।