আউটলুক, টিমস, কোপাইলটে বড়সড় বিভ্রাট! সমস্যায় ভারত-আমেরিকার ইউজাররা - 24 Ghanta Bangla News
Home

আউটলুক, টিমস, কোপাইলটে বড়সড় বিভ্রাট! সমস্যায় ভারত-আমেরিকার ইউজাররা

Spread the love


কলকাতা: প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের একাধিক পরিষেবায় বিভ্রাটের জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার ভোরে সমস্যায় পড়লেন বহু ব্যবহারকারী। Outlook, Microsoft Teams, Copilot এবং Microsoft 365-এ পরিষেবা পেতে…

কলকাতা: প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের একাধিক পরিষেবায় বিভ্রাটের জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার ভোরে সমস্যায় পড়লেন বহু ব্যবহারকারী। Outlook, Microsoft Teams, Copilot এবং Microsoft 365-এ পরিষেবা পেতে অসুবিধার কথা জানিয়েছেন ভারত-সহ বিভিন্ন দেশের গ্রাহকরা। কারও ইমেল পাঠানো বা গ্রহণ করা বন্ধ হয়ে যায়, আবার অনেকে অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে সংযোগজনিত ত্রুটি এবং দেরির মুখে পড়েন।

বিভ্রাটের ব্যাপকতা বোঝা যায় Downdetector-এর পরিসংখ্যানে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আমেরিকার পূর্ব উপকূলীয় সময় দুপুর ১টা ২৭ মিনিট নাগাদ Outlook নিয়ে সমস্যার অভিযোগ জমা পড়েছিল ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। একই সময়ে Microsoft 365-এর ক্ষেত্রে অভিযোগের সংখ্যা ছিল ৪৬ হাজারের বেশি। Teams ব্যবহার করতে গিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন প্রায় ৩ হাজার জন।

তবে এই পরিসংখ্যানই প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা নয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগ একত্র করে Downdetector তাদের হিসাব তৈরি করে।

পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে মাইক্রোসফট। সমাজমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমেরিকা মহাদেশের একাধিক অঞ্চলে Exchange Online মেলবক্সে বিভিন্ন পদ্ধতিতে ঢুকতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। বিষয়টি তাদের নজরে এসেছে।

পরবর্তী আপডেটে সংস্থাটি জানায়, তাদের পরিকাঠামোর একটি অংশে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপ তৈরি হয়েছে। এর জেরেই সংযোগের ক্ষেত্রে ত্রুটি দেখা দিতে পারে বলে মনে করছে মাইক্রোসফট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পরিকাঠামোর মধ্যে ট্র্যাফিকের চাপ পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

এর আগে উত্তর আমেরিকায় Microsoft Teams পরিষেবায় তৈরি হওয়া একটি সমস্যা মিটিয়ে ফেলার দাবি করেছিল সংস্থাটি। কিন্তু সেই ঘোষণার পরেও কয়েক জন ব্যবহারকারী সংযোগের সমস্যার কথা জানান। অন্যান্য অঞ্চলেও Microsoft 365 পরিষেবা ব্যবহারে প্রভাব পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।

দ্বাদশ শ্রেণির ছাত্রের আবিষ্কার! হিমালয়ের গ্রামে এবার আবহাওয়ার খবর

স্মার্টফোন উৎপাদনে বড় পদক্ষেপ! পিএলআই স্কিমের দ্বিতীয় সংস্করণ আনছে মোদী সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *