মহিলা দল গড়ার আশ্বাসের মাঝেই ISL-এর ম্যাচ পিছনো নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান কর্তাদের
ক্লাব সভাপতি বলেন, ‘মহিলা ফুটবল দলের পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ফুটবল কোম্পানির সঙ্গেও আমাদের কথা চলছে। আমরা আলাদা মাঠ এবং ড্রেসিংরুমের ব্যবস্থা করার চেষ্টা করছি। সেই ব্যবস্থা হয়ে গেলেই মহিলা ফুটবল শুরু করে দেব।’
সচিব সৃঞ্জয়ও স্পষ্ট করে দিয়েছেন, মহিলা ফুটবল চালু করার পরিকল্পনা থেকে সরে আসছে না মোহনবাগান। পরিকাঠামো তৈরিতে কিছুটা সময় লাগলেও কাজ এগোচ্ছে। তাঁর দাবি, ‘মহিলাদের খেলাধুলোর জন্য আলাদা পরিকাঠামো প্রয়োজন। এখনও অনেক ক্লাবের ক্রিকেটের পরিকাঠামোই তৈরি হয়নি। আমরাও একটু সময় নিচ্ছি। কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আমরা মহিলা ফুটবল দল তৈরি করব।’
ইস্টবেঙ্গলের ম্যাচ পিছনো নিয়ে খোঁচা দেবাশিসের
এ দিন শুধু মহিলা ফুটবল নয়, ইস্টবেঙ্গলের ম্যাচ পিছিয়ে যাওয়া নিয়েও মন্তব্য করেন মোহনবাগান সভাপতি। দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের কারণে যুবভারতীতে লাল-হলুদের একটি ম্যাচ পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিপক্ষ ক্লাবের নাম না করেই খোঁচা দেন দেবাশিস।