ভিড় নিয়ন্ত্রণ করতে কোথায় ভুল হয়ে যায়?
জন জে ফ্রুইন ও ডার্ক হেলবিং। দু’জন বিশেষজ্ঞ, যাঁরা অস্বাভাবিক জনসমাগম সামলানোর বিজ্ঞানসম্মত কৌশল নিয়ে গবেষণা করেছেন। আগাম পরিকল্পনা না করে শুধু স্বেচ্ছাসেবক আর পুলিশ দিয়ে বিপদ ঠেকানো যায় না। লিখছেন কুবলয় বন্দ্যোপাধ্যায়
২০১৫-র ২৪ সেপ্টেম্বর। সৌদি আরবের মক্কার কাছে মিনায় সে দিন পবিত্র হজের প্রবল ভিড়। সকাল ৯টা নাগাদ জামারাত সেতুর দিকে এগোচ্ছিলেন পুণ্যার্থীরা। স্ট্রিট নম্বর ২০৪ ও ২২৩-এর সংযোগস্থলে আচমকাই শুরু হয় প্রবল হুটোপাটি ও ধাক্কাধাক্কি। পরবর্তী কালে সৌদি প্রশাসন জানিয়েছিল, দু’দিক থেকে আসা পুণ্যার্থীদের দু’টি বড় দল একই রাস্তায় এসে মিশতেই গোলমালের সূত্রপাত। মুহূর্তে উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামনে এগোনোর বা পিছনে ফেরার— কোনও উপায়ই ছিল না। ভিড়ের চাপে একের পর এক মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। তাদের উপর দিয়েই এগিয়ে যায় জনস্রোত।
শ্বাসরুদ্ধ হয়ে, পদপিষ্ট হয়ে প্রাণ হারায় বহু মানুষ। দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে হজের মতো বিপুল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ, পথ নির্ধারণ এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে। সে দিন ওই বিপর্যয়ে অন্তত ২ হাজার ৪৩১ জনের প্রাণহানি ঘটে। সমাজবিজ্ঞানীদের মতে, একটি মাত্র পদপিষ্ট হওয়ার ঘটনায় এত বেশি প্রাণহানির নজির নেই পৃথিবীতে। তবে পদপিষ্ট হওয়ার ঘটনার এটাই একমাত্র নজির নয়।
২৯ অক্টোবর ২০২২–এ সিওল-এর হ্যালোইন উৎসবে ১৫৯ জন, ২৪ জুলাই ২০১০–এ জার্মানির ডুইসবার্গ-এর লাভ প্যারেড সঙ্গীত উৎসবে ২১ জন, ১৫ এপ্রিল ১৯৮৯–এ ইংল্যান্ডের শেফিল্ড-এর হিলসবরো স্টেডিয়ামে ৯৭ জনের প্রাণহানি হয় পদপিষ্ট হয়েই। সেই তালিকায় নাম যোগ হয়েছে কলকাতারও। ১৭ অক্টোবর ২০২৬–এ চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের।
উৎসবে ভিড় নিতান্তই স্বাভাবিক বিষয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন ভাবে পদপিষ্ট হওয়ার ঘটনা বার বার প্রমাণ করে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোথাও একটা গোলমাল হয়ে যায় যে কোনও জায়গাতেই। এই ‘গোলমাল’ দেশ–কালের সীমানা মানে না। বিজ্ঞানের হিসেবে সামান্য ভুল হলেই তার কঠিন মূল্য দিতে হয়। আসলে সমস্যা শুরু হয় যখন একটি নির্দিষ্ট জায়গায় মানুষের প্রবেশের হার, সেখান থেকে বেরিয়ে যাওয়া মানুষের হারকে ছাপিয়ে যায়। তার সঙ্গে যোগ হয় সরু গলি, রাস্তার মোড়, ব্যারিকেড, ভিজে মেঝে, হঠাৎ থেমে যাওয়া মানুষের সারি কিংবা কোনও অপ্রত্যাশিত ঘোষণা। তখন সাধারণ ভিড়ও অতি অল্প সময়ের মধ্যে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তাই প্রতিটা দুর্ঘটনা নতুন করে একটি জরুরি প্রশ্ন তুলে দেয়, বিপুল জনসমাগমের উৎসবে মানুষের চলাচল, ভিড়ের ঘনত্ব এবং জরুরি নির্গমনের ক্ষমতা কি যথেষ্ট বিজ্ঞানসম্মত ভাবে হিসেব করা হয়? এই পরিস্থিতি বোঝার জন্য ভিড়-পরিচালনার গবেষণায় বহুল আলোচিত তিনটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ— এফ জে ফ্রুইন-এর ‘লেভেল অফ সার্ভিস’, ডার্ক হেলবিংয়ের ভিড়ের গতিবিদ্যা ও আতঙ্কের মডেল এবং বৃষ্টির মতো প্রাকৃতিক কোনও কারণে মানুষের বেরিয়ে যাওয়ার ক্ষমতা কমে যাওয়া।
‘লেভেল অফ সার্ভিস’
আমেরিকান পরিবহণ পরিকল্পনাবিদ জন জে ফ্রুইন পথচারীদের চলাচল বোঝাতে ‘লেভেল অব সার্ভিস’ নির্ধারণ করেছিলেন। রাস্তা বা হাঁটার পথ কতটা আরামদায়ক, কতটা স্বচ্ছন্দে মানুষ চলতে পারছে, একে অন্যকে পাশ কাটাতে পারছেন কি না, বিপরীতমুখী স্রোত সামলানো যাচ্ছে কি না— এই সব মাপকাঠিতে তিনি পরিস্থিতিকে ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছ’টি স্তরে ভাগ করেন। ‘এ’ স্তরে চলাচল প্রায় বাধাহীন। ‘ই’ স্তরে এগোনো প্রায় ঠেলাঠেলির মতো। ‘এফ’ স্তরে শরীরের সঙ্গে শরীরের অনিবার্য সংঘর্ষ, থেমে থেমে চলা এবং অস্থিতিশীল প্রবাহ দেখা দিতে পারে।
ভিড় সামলানোর বিজ্ঞান বলছে, মাথা গুনে মোট দর্শনার্থীর সংখ্যা জানলেই নিরাপত্তা নিশ্চিত করা যায় না। একই সংখ্যক মানুষ প্রশস্ত মাঠে ছড়িয়ে থাকলে ঝুঁকি এক রকম, সরু গলিতে, বাঁক ঘুরে, একটি ছোট গেটের সামনে জমলে সম্পূর্ণ অন্য রকম। তাই ময়দানে যে ভিড়কে ‘চলনসই’ বলা যায়, পুরোনো কলকাতার সরু গলিতে তার দশ ভাগের এক ভাগও অত্যন্ত বিপজ্জনক।
মানুষ যদি নিজের পছন্দমতো হাঁটতে না পারে, পাশ কাটানোর জায়গা না পায়, চলার সারি বারবার থেমে যায়, সামনে থেকে চাপ এলেও পিছনের মানুষ তা বুঝতে না পারে— তা হলে তা নিছক অস্বস্তি নয়, প্রাণঘাতী। কারণ ভিড়ের ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগোনোর স্বাধীনতা ক্রমশ কমতে থাকে। সেই অবস্থায় নতুন করে দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পেলে, বাইরে বেরোনোর গতি কমে গিয়ে প্রবেশমুখে জমাট ভিড় তৈরি হয়। মণ্ডপের ভিতর ফাঁকা জায়গা থাকলেও সরু গেট বা গলিই গোটা ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে ওঠে। চোরবাগানে এমনটাই হয়েছিল।
বিজ্ঞান বলছে, প্রতি বর্গমিটারে ১–২ জন থাকলে স্বাভাবিক চলাচল সম্ভব। তবে পথ সরু হলে বা বিপরীতমুখী চলাচল হলে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। প্রতি বর্গমিটারে ৩–৪ জন থাকলে চলাচলে বাধা বাড়ে। প্রতি বর্গমিটারে মানুষের সংখ্যা ৪–৫ হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে নিজের ইচ্ছেমতো থামা বা দিক পরিবর্তন করা কঠিন হয়।
ভিড়ের মধ্যে চাপের ওঠানামা শুরু হতে পারে। এই পরিস্থিতিতে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। প্রতি বর্গমিটারে ৬–৭ জনের উপস্থিতির অর্থ পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠছে। আর প্রতি বর্গমিটারে মানুষের সংখ্যা ৮ বা তার বেশি হলে সেটি ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থা’ বলে গণ্য হয়। এই ক্ষেত্রে শরীরের উপর প্রবল চাপ পড়তে পারে। শ্বাসরোধ, পড়ে যাওয়া এবং একের পর এক মানুষের পতনের আশঙ্কা সেখানে থাকে।
হেলবিং মডেল
ডার্ক হেলবিং ও তাঁর সহকর্মীরা ভিড়ের বিপর্যয় নিয়ে গবেষণায় দেখিয়েছেন, পদপিষ্ট হওয়ার ঘটনাকে শুধু মানুষের ‘আতঙ্ক’ বা ব্যক্তিগত ভুল দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাঁদের মডেলে প্রত্যেক ব্যক্তি নিজের গন্তব্যের দিকে এগোতে চায়, আশপাশের মানুষের সঙ্গে ধাক্কা এড়াতে চায়, আবার ভিড় ঘন হলে শরীরের সংস্পর্শ ও চাপের মধ্যে পড়ে। এখানে ‘ফাস্টার ইজ় স্লোয়ার’ নামে পরিচিত কথাটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। স্বাভাবিক ধারণা, যত দ্রুত সবাই বেরোতে চাইবে, তত দ্রুত বেরিয়ে যাবে।
কিন্তু গেটের সামনে অতিরিক্ত তাড়াহুড়ো, ধাক্কাধাক্কি ও পরস্পরকে ঠেলে এগোনোর চেষ্টা উল্টে নির্গমনকে ধীর করে দেয়। এই পরিস্থিতিতে এক জন পড়ে গেলে পিছনের চাপ তাকে আর উঠতে দেয় না। তখন আরও বেশি সংখ্যক মানুষ ভারসাম্য হারাতে থাকে। সেই সময়ে বিপদটি শুধু দৌড়ে পালানোর কারণে ঘটে না, বরং ঘন ভিড়ে মানুষের শরীরের উপর তৈরি হওয়া চাপ এবং চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার ফলেও ঘটে।
বৃষ্টির মতো কোনও প্রাকৃতিক কারণও এ ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়, একে বলা যায় ‘রিডিউসড ইগ্রেস ক্যাপাসিটি’— অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটি পথ দিয়ে যত মানুষ নিরাপদে বেরিয়ে যেতে পারেন, বৃষ্টি বা অন্য বাধায় সেই ক্ষমতা কমে যাওয়া। গেটের প্রস্থ অপরিবর্তিত থাকলেও তার কার্যকর ক্ষমতা একই থাকে না।
ভিড়ের মধ্যে চলাচলের গতি কমলে, মানুষ থেমে গেলে কিংবা দরজার কাছে ছাতা ও ব্যারিকেডের কারণে জায়গা কমে গেলে প্রতি মিনিটে বেরোনো মানুষের সংখ্যা কমে যায়। বাইরে জল জমে থাকলে নির্গমনের পর মানুষ কোথায় যাবে, সেটিও সমস্যা। বেরোনোর পথের ঠিক বাইরে যদি আর একটি ভিড় জমে থাকে, তা হলে গেটের মুখে চাপ আরও বাড়তে পারে।
প্রবাহ নিয়ন্ত্রণ
কলকাতার পুজোয় নিরাপত্তার পরিকল্পনা করতে গেলে তাই শুধু মোট দর্শনার্থীর সম্ভাব্য সংখ্যা বা স্বেচ্ছাসেবকের সংখ্যা নয়, মণ্ডপে ঢোকার ও বেরোনোর পথ আলাদা করা সম্ভব কি না, সরু গলিতে একমুখী চলাচল চালু করা যায় কি না, জরুরি গেট সব সময় খোলা রাখা হচ্ছে কি না, বাইরে অপেক্ষমান মানুষের সারি কোথায় থাকবে— এগুলো জানা দরকারি।
প্রবেশমুখে সেন্সর বা ক্যামেরার সাহায্যে ভিড়ের ঘনত্ব নজরে রাখা যেতে পারে। নির্দিষ্ট সীমা ছাড়ালে প্রবেশ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তও প্রয়োজনীয়। ভিড়ের স্রোত কোথায় মিলছে, কোথায় সংকীর্ণ হচ্ছে, কোথায় উল্টো দিক থেকে মানুষ আসছে— উৎসবের আগে সেই জায়গাগুলির মানচিত্র তৈরি করা তাই অত্যন্ত জরুরি।
চোরবাগানের ঘটনা নিয়ে তদন্তে যে তথ্যই উঠে আসুক, এই বিপর্যয় থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হাতছাড়া করার অর্থ আগামী দিনে এমন আরও বিপর্যয়ের পথ সুগম করা। ফ্রুইন-এর ‘লেভেল অফ সার্ভিস’ দেখায়, ভিড়ের ঘনত্ব বাড়লে মানুষের চলাচল কী ভাবে ক্রমশ সীমিত হয়। হেলবিংয়ের গবেষণা মনে করায়, তাড়াহুড়ো করে বেরোতে চাওয়ার সম্মিলিত চাপ উল্টে পথ আটকে দিতে পারে। আর বৃষ্টি দেখিয়ে দেয়, নির্গমনের ক্ষমতা স্থির নয়, পরিবেশ বদলালে সেটিও কমে যায়। তিনটি ধারণার মিলিত বার্তা স্পষ্ট ভিড়ের গতি, ঘনত্ব ও পথের ক্ষমতা বুঝতে হবে।
নটরাজ মূর্তির ডান পায়ের নীচের দিকটা লক্ষ্য করলে দেখা যায় ওই পায়ের নীচে চাপা রয়েছে বিকৃত এক বামনের দেহ। ওই বামন আসলে এক দানব। ওর নাম ‘অপস্মার’। এটাই একমাত্র নজির যেখানে কারওকে পদপিষ্ট হতে দেখে কেউ দুঃখিত হয় না। পুরাণ মতে, অপস্মার হলো অজ্ঞানতা ও অহঙ্কারের প্রতীক। তার বিনাশ নেই। তাকে প্রজ্ঞা ও বিজ্ঞান দিয়ে দমন করতে হয়। সে কথা জানতেন বলেই মহাদেব অপস্মারকে হত্যার চেষ্টা করেননি। নিজের পায়ের নীচে তাকে দমন করে রেখেছিলেন।
আসলে এই ঘটনা একটি রূপক মাত্র। বিজ্ঞানের রাজ্যে গাফিলতির কোনও ক্ষমা নেই। ২০২৬–এ চোরবাগানে যা হয়েছে, তার নেপথ্যে দুর্গা প্রতিমার অবস্থান, অসুরের চেহারা ইত্যাদির কোনও সম্পর্ক নেই। বিজ্ঞানের তত্ত্ব না মানাই ওই বিপর্যয়ের একমাত্র কারণ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভিড় নিয়ন্ত্রণ নীতি না তৈরি করলে আগামী দিনে পুরোদস্তুর ‘সাত্ত্বিক মতে’ পুজো করলেও বিপর্যয়ের ঝুঁকি কিছুমাত্র কমবে না।