দিদির কথা রাখতে আঁটি মুখে নিয়েই নাওয়া-খাওয়া-ঘুম! ট্রোলারদের খোঁচায় কী জবাব দিলেন জয়দেব? - 24 Ghanta Bangla News
Home

দিদির কথা রাখতে আঁটি মুখে নিয়েই নাওয়া-খাওয়া-ঘুম! ট্রোলারদের খোঁচায় কী জবাব দিলেন জয়দেব?

Spread the love

সৌমেন রায়চৌধুরী

‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা…।’ তাতে জয়দেব বিশ্বাস থোড়াই কেয়ার করেন! বোন বলেছেন, ব্যস। গত ত্রিশ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন তিনি। কে কী বলল, তাতে কিস্যু যায় আসে না। শুক্রবার সেই প্রাচীন হিন্দি প্রবাদটি মনে করিয়ে দিয়ে ‘এই সময় অনলাইনকে’ বলে দিলেন, ‘হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। আমি নিজে সন্তুষ্ট, আর কী চাই!’

জয়দেব এক কথার মানুষ। নিজেই বলছেন সেই কথা, ‘আমি যখন কথা দিয়েছি, তখন রাখব। ব্যস, এর বেশি কিছু জানি না।’ কথা দিয়ে কথা না–রাখার চেনা ট্রেন্ডে জয়দেব যে উজ্জ্বল ব্যতিক্রম, তাতে সন্দেহ নেই। জলপাইয়ের আঁটি মুখে নিয়েই তিনি জল খান, দাঁত মাজেন, খাওয়াদাওয়া করেন। এমনকী ঘুমোনও ওই ভাবেই। জলপাইয়ের আঁটিটা যেন কবেই তাঁর শরীরেরই অঙ্গ হয়ে গিয়েছে।

প্রথম প্রথম যে অস্বস্তি হতো না, তা নয়। হতো, এমনকী রক্তারক্তি কাণ্ডও ঘটেছে। জয়দেবের নিজের কথায়, ‘প্রথম দিকে অসুবিধা হতো। জিভে ঘা হয়ে গিয়েছিল। রক্ত পড়ত। এখন অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে।’ এখন আমৃত্যু জলপাইয়ের আঁটি মুখে রাখার মতো ধনুক ভাঙা পণ করেছেন তিনি। জয়দেবের সোজা কথা, ‘যতদিন বাঁচব, এই জলপাইয়ের আঁটি আমার মুখেই থাকবে।’

উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া মোড়ে বাড়ি জয়দেবের। তাঁর কোনও বোন নেই। ভাইফোঁটার দিন তাঁর খুব মন খারাপ হতো। জয়দেবের বাড়ির পাশেই থাকতেন অগ্নিবীণা দেবী। বাঘাযতীন কলেজের অধ্যাপিকা তিনি। তাঁকেই নিজের দুঃখের কথা বলেছিলেন জয়দেব। অগ্নিবীণা বলেছিলেন, ‘এই কথা! আমিই তোমায় ফোঁটা দেব।’ সেই শুরু। জয়দেবের কপালে চন্দনের ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা ফেলতেন অগ্নিবীণা। নিজে হাতে রাঁধাতেন পঞ্চব্যাঞ্জন। শেষপাতে দাদার সবচেয়ে পছন্দের জলপাইয়ের চাটনি।

কয়েকজন নারী শিল্পীর ঐতিহ্যবাহী বা লোকসঙ্গীত পরিবেশনের একটি পুরনো ও বিবর্ণ ছবি, যেখানে পেছনের ব্যাকগ্রাউন্ডটি নীল ও সাদা রঙের সজ্জায় মোড়া এবং সামনে মাইক্রোফোন ও বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে।
মঞ্চে গাই গাইছেন জয়দেবের বোন অগ্নিবীণা দেবী

সেটা ১৯৯৬-এর ভাইফোঁটা। দিনটা আজও মনে আছে জয়দেবের। ফুলতোলা আসনে বসে তৃপ্তির সঙ্গে জলপাইয়ের চাটনি খাচ্ছেন। সামনে হাসিমুখে বসে অগ্নিবীণা। গালে হাত দিয়ে দাদার চাটনি খাওয়া দেখতে দেখতেই মুচকি হেসে জিজ্ঞাসা করেছিলেন, ‘আমার হাতের চাটনি যদি তোমার এত পছন্দ হয়, তা হলে এই জলপাইয়ের আঁটি তুমি কত দিন মুখে রাখতে পারবে?’ জয়দেব গর্বের সঙ্গে বলেছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেবো। এই রাখলুম!’ ব্যস। সেই দিন থেকে জয়দেবের মুখে রয়েছে জলপাইয়ের আঁটি।

কচুয়া মোড়ের অনেকেই তাঁকে আড়ালে আবডালে ‘আঁটিবাবু’ বলে কটাক্ষ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে ট্রোলও হয়। অনেকে মিম বানান। কেউ জিজ্ঞাসা করেন, ‘এতদিনে তো আঁটি ভেঙে যাওয়ার কথা!’ কেউ কেউ আবার ব্যঙ্গের সুরে বলেন, ‘দাদা, মাঝে মধ্যে মুখ থেকে বের করে দেখবেন, গাছ গজাল কি না।’ জয়দেব অবশ্য এ সব ব্যঙ্গ-বিদ্রুপকে পাত্তা দিচ্ছেন না। তাঁর সাফ কথা, ‘হাতি যখন বাজার দিয়ে হাঁটে, তখন কুকুর ঘেউ ঘেউ করে।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মী ছিলেন জয়দেব। অবসর নিয়েছেন বহু বছর আগে। মধ্যবিত্ত পরিবার। বাড়িতে ছেলের সঙ্গে থাকেন। স্ত্রী মারা গিয়েছেন অনেক দিন। নাতিকে নিয়ে পুত্রবধূ থাকেন দেবীপুরে। ২০১২-র ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা। সেই দিনটা মনে করতে চান না তিনি। কিন্তু একটা প্রশ্ন ওঠে, বোনও কি তাঁকে কোনও দিন বলেননি যে ‘দাদা অনেক দিন তো হলো, মুখ থেকে এ বার আঁটিটা বের করো।’ জয়দেব বললেন, ‘না, বোন কোনও দিন বলেনি।’ বললে কী করতেন? কোনও উত্তর না দিয়ে মুচকি হাসলেন জয়দেব। তিনি এক কথার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *