জালে ২৩ কেজির কাতলা, এক মাছের দাম উঠল ৫৭ হাজার ৫০০ টাকা! - 24 Ghanta Bangla News
Home

জালে ২৩ কেজির কাতলা, এক মাছের দাম উঠল ৫৭ হাজার ৫০০ টাকা!

Spread the love

ঢাকা: পদ্মার জলে বড় মাছের দেখা মিলতেই বদলে গেল কপাল। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দে এক জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বিশাল এক…

ঢাকা: পদ্মার জলে বড় মাছের দেখা মিলতেই বদলে গেল কপাল। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দে এক জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বিশাল এক কাতলা। মাছটি বিক্রির জন্য বাজারে তুলতেই শুরু হয় দরদাম। শেষ পর্যন্ত ঢাকার গুলশানের এক ব্যবসায়ী সেটি কিনে নিলেন ৫৭ হাজার ৫০০ টাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন লুৎফর রহমান নামে এক মৎস্যজীবী। নদীতে চাপ জাল ফেলতেই তাঁর জালে ওঠে বিশাল কাতলাটি। এত বড় মাছ পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই জেলে। পরে সেটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে।

সকাল ৬টা নাগাদ মাছটির নিলাম হয়। সেখানে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় সেটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

তবে মাছটির শেষ ঠিকানা স্থানীয় বাজারে হয়নি। চান্দু জানান, মাছটি কেনার পর তার ছবি ও ভিডিয়ো নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। পাশাপাশি পরিচিতদেরও খবর দেন। সেই সূত্রেই ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ হয়। শেষ পর্যন্ত কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

ক্রেতার ঠিকানা অনুযায়ী, সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে তুলে দেওয়া হয় কাতলাটি। চান্দুর কথায়, চাপ জালে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনা সচরাচর দেখা যায় না। চলতি মরসুমেও এত ওজনের মাছ তিনি আগে কেনেননি। পদ্মায় বড় মাছের দেখা মেলায় মৎস্যজীবীদের পাশাপাশি লাভের মুখ দেখছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরাও।

মাসিক ৩০ হাজার মজুরি-কর্মী পুনর্বহালের দাবিতে রাস্তায় নামল বাংলাদেশের টেক্সটাইল কর্মীরা

আইন অনুযায়ী মোকাবিলা করা হবে! হাসিনার প্রত্যাবর্তন নিয়ে স্পষ্ট ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *