জানুয়ারিতে শহরে প্রবাসী ভারতীয় সম্মেলন
তাঁর ঘোষণা, ‘বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তে দায়িত্ব পাওয়ার পরে এই সম্মেলনকে সেরা করে তুলবে রাজ্য সরকার৷’ মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদীজির মন্ত্র— কথা কম, কাজ বেশি৷ আমরা সেটাই করে দেখাতে চাই৷’ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে যোগ দেবেন প্রবাসী ভারতীয়রা৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘তাঁরা (প্রবাসী ভারতীয়রা) ঘুরে যাওয়ার পরে যখন বলবেন সব জায়গার থেকে কলকাতার অভিজ্ঞতা সেরা। তখনই সার্থক হবে।’ বুধবার দিল্লিতে প্রবাসী ভারতীয় সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ প্রধান অতিথি ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী প্রত্যেককে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিদেশ মন্ত্রক এই সম্মেলনের জন্যে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করায় আমরা সম্মানিত। গান্ধীজির দেশে ফেরার দিনটিকে স্মরণ করে এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকার মিশন মোডে প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলায় নতুন সরকার পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জন্মভূমি। আসুন কালীঘাট ঘুরে দেখুন। দক্ষিণেশ্বর ঘুরে দেখুন। বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছে৷’ মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে ওয়েবসাইট উদ্বোধনের পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘কলকাতা শুধু ভারতের সংস্কৃতির ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনে কলকাতা তথা বাংলার অবদান অপরিসীম। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ভারতীয়দের সম্মান জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷’