কোঅর্ডিনেটর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে বঙ্গ বিজেপিও
এই সময়: বিজেপির লোকদেরই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তাতে পূর্ণ সায় আছে বঙ্গ–বিজেপি নেতৃত্বের।
কলকাতা হাইকোর্টে ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে মামলার জেরে পিছিয়ে গিয়েছে কলকাতা পুরভোট। ফলে মাঝে কয়েকদিন কলকাতা পরসভার নির্বাচনে বিজেপির প্রার্থী ঝাড়াই–বাছাই প্রক্রিয়ায় কার্যত ভাটা পড়েছিল। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কলকাতা পুরসভার কাজে গতি আনতে কলকাতার ২০৯টি ওয়ার্ডে কোঅর্ডিনেটর বসানো হবে। এবং তাঁরা সবাই বিজেপির নেতা–কর্মীই হবেন। তাতে সায় দিয়েছেন বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। এরপরেই নতুন উদ্যমে পদ্ম শিবিরে শুরু হয়েছে প্রার্থী ঝাড়াই–বাছাইয়ের কাজ। সূত্রের খবর, বিভিন্ন ওয়ার্ডে মনোনীত দলীয় প্রার্থীদেরই কোঅর্ডিনেটর হিসেবে বসানোর পরিকল্পনা করেছে বিজেপি।
পুরসভার ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চ ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়ে হস্তক্ষেপ করেনি। এরপরে মামলা হয় ডিভিশন বেঞ্চে। ডিলিমিটেশনে পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না–হওয়া পর্যন্ত পুরভোট করা যাবে না। ফলে অনির্দিষ্টকাল পিছিয়ে যায় কলকাতার পুর–নির্বাচন। এরপরে পদ্ম শিবিরেও প্রশ্ন ওঠে, তা হলে এখনই প্রার্থী বাছাই করে কী লাভ!
তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যাবে। শীর্ষ আদালত যদি এখনই পুরভোটে আপত্তি জানায়, তা হলে ৩০ নভেম্বরের পরে ২০৯টি ওয়ার্ডেই কোঅর্ডিনেটর বসানো হবে এবং তাঁরা হবেন বিজেপিরই লোক। দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে, যাঁরা পুরভোটে দলের সম্ভাব্য প্রার্থী হবেন, তাঁরাই আপাতত সংশ্লিষ্ট ওয়ার্ডে কোঅর্ডিনেটর হিসেবে বসবেন। বুধবার শমীক বলেন, ‘আমি তো আর সিপিএম পার্টি অফিস থেকে লোক ধরে এনে কোঅর্ডিনেটর করব না। অথবা তৃণমূলের কোনও চিহ্নিত দুর্নীতিগ্রস্তকেও কোঅর্ডিনেটর পদে বসাব না। আমরা তো চাই, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রার্থীরা জিতে আসুন। কিছু মানুষ যদি এতে বাধা সৃষ্টি করে, আমাদের কী করার আছে?’ তাঁর সংযোজন, ‘যাঁরা ভোট লুট করে কাউন্সিলার হয়েছিলেন (বিগত পুরভোটে), তাঁদের তো আর কোঅর্ডিনেটর করা সম্ভব নয়। স্বাভাবিক ভাবেই বিজেপির স্থানীয় নেতা–কর্মীরা কোঅর্ডিনেটর হবেন।’ শমীক আরও বলেন, ‘এটা আমরা চাই না। কিন্তু কলকাতার মানুষকে পরিষেবা দিতে হবে। তাই আমার মনে হয়, আদালত তাদের রায় পুর্নিবিবেচনা করবে এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে। কাউন্সিলার না–থাকলে মানুষ কোথায় যাবেন!’
কলকাতা পুরভোটের দায়িত্ব বিজেপির তরফে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁর কথায়, ‘আমরা চাই, দ্রুত নির্বাচন হোক। এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই কলকাতা পুরসভা পরিচালনা করুন। আদালতের কাছে আমাদের একটাই অনুরোধ, এই মামলার দ্রত নিষ্পত্তি করে নির্বাচন করানো হোক।’ তাঁর সংযোজন, ‘কিন্তু ততদিন তো তৃণমূলের চোর–কাউন্সিলারদের হাতে ওয়ার্ড ছেড়ে দেওয়া যায় না। বিরোধীরা কোর্টে না–গেলে ডিসেম্বর মাসের মধ্যে ভোট হয়ে বোর্ড গঠন হয়ে যেত।’
এই আবহে ‘মমতা–তৃণমূলে’র মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘বিজেপি আসলে চাইছে না, কলকাতা পুরসভার ভোট হোক। ঘুরপথে তারা কলকাতার সব ওয়ার্ডে নিজেদের দলের লোককে কাউন্সিলার করতে চাইছে। যাঁরা বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার ছিলেন, তাঁদেরই কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হোক, নির্বাচন না–হওয়া পর্যন্ত।’