কালীঘাট ছেড়ে ঋত–শিবিরে ভাইফোঁটায় ভিড়লেন মমতার ভাইও।
‘ফোঁটা–রাজনীতিতে’ চন্দ্রিমাকে নতুন দিদি হিসেবে বেছে নেওয়াদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন মমতা–ঘনিষ্ঠ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি গিয়েছিলেন মমতার বাড়িতে। তাঁর কথায়, ‘আমি তো আগে আসতাম না। আগে তো এখানে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা ভিড় করে থাকতেন। বিশ্বাসঘাতকরা সুবিধে ভোগ করে চলে গিয়েছেন। রাজনৈতিক ময়দানে মানুষই সব থেকে বড় কথা। যাঁর সঙ্গে মানুষ নেই, তাঁর সঙ্গে কেউ নেই।’ তবে ঋতব্রত, ফিরহাদ, অরূপদের ভিড়ে নজর কেড়েছেন মমতার ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তাঁর বাড়ির কালীপুজোর মণ্ডপে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ির সামনে দিয়ে হেঁটেই একের পর এক পুজোমণ্ডপ দর্শন করেছিলেন তিনি। তাৎপর্যপূর্ণ হলো, পরের দিন বুধবার চন্দ্রিমার কাছ থেকে ফোঁটা নিতে ‘গণতান্ত্রিক তৃণমূল’ নেতাদের ঘাঁটিতে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন। সেখান থেকে বেরিয়ে এ দিনও শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর মধ্যে জোশ আছে। কাজের প্রতি আন্তরিকতা আছে। কথা দিয়ে কথা রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন, সেটা তো মানুষ দেখেছে। আমি কিছু বলতে চাই না।’ বাবুন প্রসঙ্গে কল্যাণের মন্তব্য বলেন, ‘আমি ওঁকে খুব ছোট দেখেছি। কী ভাবে মমতাদি ওঁকে মানুষ করেছেন, আমি দেখেছি। সময় চিরকাল সমান যায় না। সময় প্রমাণ করে দেয়, কোন মানুষ কী রকম। কথায় তো আছেই ঘরশত্রু বিভীষণ।’ বাবুন দাবি করেছিলেন, ভাইফোঁটার দিনে তাঁকে ডাকা হতো না। যদিও মমতার আর এক ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাবুন ঠিক বলছে না। দিদি প্রতিবারই ফোঁটা দিতে আমাদের প্রত্যেককে ডাকতেন। এ বারই শুধু ঘরোয়া ভাবে তিন ভাইকে ফোঁটা দিয়েছেন।’