PM Modi-Sam Pitroda: ‘মতপার্থক্য রাজনৈতিক, ব্যক্তিগত নয়’, ‘স্যাম ভাই’কে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী | Sam Pitroda Wishes PM Narendra Modi on Diwali, PM Modi Also Calls him Sam Bhai
প্রধানমন্ত্রী মোদী ও স্যাম পিত্রোদা একে অপরকে শুভেচ্ছা জানালেন। Image Credit: PTI
নয়া দিল্লি: রাজনৈতিক বিভেদ মুছে দিল দীপাবলির আলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কংগ্রেসের ওভারসিজ চিফ স্যাম পিত্রোদা (Sam Pitroda) একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানালেন। স্যাম পিত্রোদা বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদীর তুমুল সমালোচনা করেছেন, তাঁকেই স্যাম ভাই বলে সম্মোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।
দীপাবলি ও গুজরাটি নববর্ষ উপলক্ষে আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস চিফ স্যাম পিত্রোদাকে শুভেচ্ছা জানান। তার আগে স্যাম পিত্রোদাও ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী মোদীকে নিজের গুজরাটি বন্ধু হিসাবে উল্লেখ করেন। জানান যে রাজনৈতিক বিরোধ থাকলেও, ব্যক্তিগত স্তরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই।
স্যাম পিত্রোদার শুভেচ্ছা বার্তার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “শুভ দীপাবলি ও নতুন বর্ষের অভিনন্দন স্যাম ভাই ও অঞ্জনা বেনকে। আনন্দ মুখরিত ও সুস্থতায় পূর্ণ নতুন বর্ষের জন্য কামনা করি। জয় জগন্নাথ!”
Happy Diwali and Nutan Varsh Abhinandan to you Sam Bhai and to Anjana Ben.
Praying for a joyful and healthy year ahead.
Jai Jagannath!
@sampitroda
— Narendra Modi (@narendramodi) November 12, 2026
স্যাম পিত্রোদা সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে বলেন, “ওঁ (প্রধানমন্ত্রী) আমার গুজরাটি বন্ধু। আমি ওঁকে ব্য়ক্তি হিসাবে সম্মান করি। অবশ্যই ওঁ একজন সুবক্তা ও কঠোর পরিশ্রমী ব্যক্তি। আমাদের মধ্যে সদ্ভাব রয়েছে। আমাদের ব্যক্তিগত কোনও সমস্যা নেই। গুজরাটি নেতা, বন্ধু বা শুভাকাক্ষ্মী হিসাবেও আমার ওঁর বিরুদ্ধে কিছু নেই। ওঁ বরাবরই আমার প্রতি ভালো ব্যবহার করেছেন। আমি সেটা সাধুবাদ জানাই।”
কংগ্রেস নেতা জানান যে তিনি ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীর গুজরাটের বাড়িতে গিয়েছিলেন, সেই সময়ও প্রধানমন্ত্রী মোদী উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন যে এই বিরোধ সম্পূর্ণভাবে রাজনৈতিক ও মতাদর্শগত ছিল, কখনওই ব্যক্তিগত বিরোধ ছিল না। তিনি বলেন, “আমার মিস্টার মোদীর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, আমি আবার ওঁর সঙ্গে নৈশভোজ ও হাসাহাসিও করতে পারি। তাই আমার কোনও সমস্যা নেই।”