NZ vs IND Football: ক্রিকেটে ফর্ম থাকলেও ফুটবলে ব্যর্থ, নিউজিল্যান্ডের পঞ্চবানে বিদ্ধ ভারত | India Suffer 5 0 Humiliation Against New Zealand In Friendly In Auckland
নিউ জিল্যান্ড – ৫ : ভারত – ০
অকল্যান্ড: একদিকে চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট সিরিজ। সেই সিরিজে দারুন ফর্মে রয়েছে ভারতীয় দল। তার মধ্যেই আবার নিউজিল্যান্ডের মাটিতেই ২ ম্যাচের প্রীতি সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ফুটবল দল। কিন্তু সেই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে ভারতকে গুনে গুনে ৫ গোল দিল নিউজিল্যান্ড।
গত মাসেই পানামা, ব্রাজিল ও উরুগুয়ের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলেছিল ভারত। পানামার বিরুদ্ধে লড়াই করলেও বাকি ২ ম্যাচেই শোচনীয় পরাজয় স্বীকার করতে হয়েছিল ভারতকে। আজকেও তার অন্যথা হল না। অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় নিউজিল্যান্ড। কিন্তু ডিফেন্সের ভুলে ৫ মিনিটের মাথায় গোল খায় ভারত। কাইথের বল রিবাউন্ড থেকে যায় পরমবীরের কাছে। তিনি বল ক্লিয়ার করতে যান তবে বল বিজয় ভার্গিসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৩৪ মিনিটের মাথায় আবার গোল করে নিউজিল্যান্ড। দুরন্ত শটে গোল করে দলকে ২-০ এগিয়ে দেন রান্ডাল। এর ৯ মিনিট পর আবার গোল, আবার রান্ডাল। পরমবীরের ভুল থেকে বল পান তিনি। এরপর ডান পায়ের দুরন্ত শটে নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোল করেন তিনি। ৩-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৩ বদল করে ভারত। বিজয়, অভিষেক সিং ও লালরেমতুলুঙ্গার বদলে মাঠে নামেন মেহতাব সিং, তোম্বা সিং ও মহম্মদ সুহেল। যদিও তাতেও বিশেষ কিছু বদলায়নি। ৫৭ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করে নিউজিল্যান্ড। ডান দিক থেকে এলিয়টের বাড়ানো ক্রসে ভারতীয় ডিফেন্ডারের মাত করে হেড করে গোল করেন ক্রিস উড। তবে এরপরেও বেশ কিছু আক্রমণ করে নিউজিল্যান্ড কিন্তু ভারতীয় ডিফেন্ডারের তৎপরতায় আর গোল হয়নি।
যদিও ৭৪ মিনিটের মাথায় দুরন্ত হাফভলিতে ভারতের জালে পাঠান লাচালান বেলিস। এর তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় নিউজিল্যান্ড। তবে তুলোমার নেওয়া স্পট কিক দারুন দক্ষতায় আটকে দেন ভারত গোলকিপার বিশাল কাইথ। এর ফিরতি শটও আটকে দেন বিশাল। তবে আজ দলের হয়ে সবথেকে ভাল পারফরম্যান্স তাঁরই। কারণ, তিনি না থাকলে আরও গোটা তিনেক গোল খেতে পারত ভারত। এই ম্যাচে ভারতকে বারবার বিপাকে ফেলেছে তাদের ডিফেন্স। আগামী ১৫ তারিখ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।