Nayna Bandyopadhyay: ‘উনি আমার দাদা নন’, কুণালের পুরনো মন্তব্য তুলে নিতে বললেন নয়না | Nayna Bandyopadhyay reacts as Kunal Ghosh posts image with her
কলকাতা: চলতি বছরের ৪ মে রাজ্যে শুধু সরকার বদল হয়নি। বদল হয়েছে অনেক সম্পর্ক, অনেক সমীকরণ। কে কার পাশে আছে, কে কোন দলে আছে, সেই অঙ্ক বেশ জটিল হয়েছে ক্রমশ। বিশেষত স্বামী-স্ত্রীর দুই পৃথক শিবিরে থাকার বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। আর এবার কার্যত স্বামীর পাশে থেকেই কুণাল ঘোষকে ‘দাদা’ বলে মানতে অস্বীকার করলেন নয়না বন্দ্যোপাধ্যায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা বলার পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, একজনের সঙ্গে অপরজনকে ফ্রি-তে পাবে বিজেপি। তারপরও নয়না থেকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। সেই নয়নাকে ‘বোন’ বলে পোস্ট করার পর কড়া প্রতিক্রিয়া দিলেন নয়না।
বৃহস্পতিবার নয়নার সঙ্গে একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, “স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে।” এ ক্ষেত্রে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেওয়া হয়েছে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না রাজনীতির কারবারিদের।
কুণাল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পরই প্রতিক্রিয়ায় নয়না বলেন, “আমি ওঁর বোন নই, উনি আমার দাদা নন। আগে ওঁকে বলুন মেয়েদের সম্মান করতে। তারপর দাদা-বোনের সম্পর্ক বলতে আসবেন। আমাকে তো ভ্রাম্যমান বিউটি পার্লার বলেছিলেন। সেই কথা আগে প্রত্যাহার করতে বলুন। তারপর দাদা-বোনের সম্পর্ক নিয়ে কথা বলবেন।”
একইসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে নয়না বলেন, “উনি যে দাদার কথা বললেন, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাঁকে তো কবে থেকেই আজেবাজে কথা বলছে। ২০২৪ সাল থেকে একাধিকবার কটাক্ষ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।নানা ভাষায় মন্তব্য করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে।”
উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দেওয়ার পর কটাক্ষ করে কুণাল বলেছিলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু একজন পরচুলওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।” সুদীপকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী নয়নাকেও কটাক্ষ করেছিলেন কুণাল।