Milk Prices Hike: ২ থেকে লাফিয়ে হল ৪, বাড়ল লিটার প্রতি দুধের দাম | Amul India announce to increase their Milk products Prices Hike
নয়া দিল্লি: দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের অন্যতম জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল (Amul Milk)। লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার, আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আমুলের (Amul Milk Product) বিভিন্ন ধরনের পাউচ দুধের দাম প্রায় ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
আমুল তাজা (Toned Milk): লিটারপ্রতি ২ টাকা বেড়ে নতুন দাম ৬২ টাকা।
আমুল গোল্ড (Full Cream Milk): লিটারপ্রতি ৪ টাকা বেড়ে নতুন দাম ৮০ টাকা। এর আগে আমুলের পাশাপাশি দাম বাড়ানোর পথে হেঁটেছে মাদার ডেয়ারিও। সেখানেও বিভিন্ন ধরনের দুধের দাম লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
কেন বাড়ল দুধের দাম?
আমুলের তরফে জানানো হয়েছে, গত এক বছরে দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবাদি পশুর খাবার,পশুখাদ্যের উপকরণ, ভুট্টা,তেলজাতীয় খৈল, মোলাসেস,দুধের প্যাকেজিংয়ের সামগ্রী এবং পরিবহণের জ্বালানির দাম বেড়েছে। পাশাপাশি গুজরাট-সহ দেশের বিভিন্ন জায়গায় অনিয়মিত ও কম বৃষ্টিপাতের কারণে খরা চলছে। যার জেরে পশুখাদ্যের জোগানেও প্রভাব পড়েছে।
আমুলের দাবি, নতুন দাম বৃদ্ধির ফলে কৃষক ও দুধ উৎপাদকদের আরও ভালো দাম দেওয়া সম্ভব হবে। সংস্থার আরও দাবি, তাদের সংগৃহীত মোট আয়ের প্রায় ৮০ শতাংশই ফিরে যায় ৩৬ লক্ষ দুধ উৎপাদকের কাছে। ফলে দাম বৃদ্ধির একটা বড় অংশই উৎপাদকদের স্বার্থে ব্যবহার করা হবে।