Mahanaryaman Scindia: ভোর ৪টেয় উঠে সাইকেলে খবরের কাগজ বিলি, দিব্যাঙ্গ রাধেকে বড় উপহার মহানআর্যমনের | Mahanaryaman Scindia: Divyang Newspaper Seller Gets New Electric Scooter After His Struggle Video Goes Viral
মহানআর্যমান সিন্ধিয়া।Image Credit: TV9 বাংলা
ভোপাল: প্রতিবন্ধকতাকে জীবনে বাধা হতে দেননি। দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম হয়েও প্রতিদিন ভোরে উঠে সাইকেল চালিয়ে খবরের কাগজ বিলি করেন রাধে বাথম। তাঁর এই লড়াইয়ের কথা জানতে পেরে পাশে দাঁড়ালেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MPCA) সভাপতি মহানআর্যমন সিন্ধিয়া (Mahanaryaman Scindia)। রাধে বাথমকে একটি নতুন ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন তিনি।
আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে এসেছেন রাধে বাথম। প্রায় ২০ বছর আগে একটি দুর্ঘটনায় তিনি বিশেষভাবে সক্ষম হয়ে যান। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হতে দেননি। প্রতিদিন ভোর ৪টেয় উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন। পরিবারের খরচ চালান।
কিছুদিন আগে রাধে বাথমের এই জীবন সংগ্রামের ভিডিয়ো মহানআর্যমন সিন্ধিয়ার নজরে আসে। ভিডিয়োতে তিনি দেখেন, দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও তিনি সাইকেল চালিয়ে খবরের কাগজ বিলি করছেন। ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মহানআর্যমন। এরপরই রাধে বাথমকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। দীপাবলির পর তাঁর জন্য ইলেকট্রিক স্কুটির ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার শিবপুরীতে রাধে বাথমের হাতে সেই নতুন ইলেকট্রিক স্কুটি তুলে দেওয়া হয়। ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর সঙ্গে ও তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন মহানআর্যমন সিন্ধিয়া।
ভিডিয়োকলে মহানআর্যমন বলেন, “আপনার সম্পর্কে জানতে পেরেছিলাম। আপনার ভিডিয়ো দেখে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার ইচ্ছে ছিল, আপনার জীবনের কিছু কষ্ট যদি কমানো যায়। সেই ভাবনা থেকেই এই স্কুটি দেওয়ার সিদ্ধান্ত।”
তিনি জানান, এই স্কুটি চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন হবে না। স্কুটির ইনস্যুরেন্স-সহ প্রয়োজনীয় খরচও তিনিই বহন করবেন। ফলে স্কুটি পাওয়ার পর রাধে বাথমকে বাড়তি কোনও ঝামেলায় পড়তে হবে না।
মহানআর্যমন আরও বলেন, “এই স্কুটির মাধ্যমে আপনার অনেক সমস্যা কমবে। সহজে খবরের কাগজ বিলি করতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি শিবপুরীতে আসব। তখন আপনিই আমাকে আপনার নতুন গাড়িতে ঘুরিয়ে দেখাবেন।”
স্কুটি পেয়ে অত্যন্ত খুশি রাধে বাথম। তিনি বলেন, “আমি খুব খুশি। যুবরাজ সাহেব আমাকে এত বড় উপহার দিয়েছেন, আমার খুব ভালো লাগছে।”
রাধে বাথমের স্ত্রীয়ের সঙ্গেও ভিডিয়ো কলে কথা বলেন মহানআর্যমন। তিনি জানতে চান, স্কুটি তাঁদের কেমন লেগেছে। এরপর মজা করে বলেন, এবার যেন তিনি রাধে বাথমকে স্কুটিতে করে তাঁকে ঘুরিয়ে দেখাতে বলেন।
উল্লেখ্য, দীপাবলির সময় মহানআর্যমন সিন্ধিয়া গোয়ালিয়র বিভাগের একাধিক খেলোয়াড়কেও ইলেকট্রিক স্কুটি এবং অটোমেটিক হুইলচেয়ার উপহার দিয়েছেন।