Kareena Kapoor legal notice: লকেট পরে আইনি বিপাকে করিনা! কী এমন দোষ করলেন সইফের বেগম? | Kareena Kapoor Gets Legal Notice Over Ayat ul Kursi Pendant From Bhopal Royals
দিওয়ালির পার্টিতে বলিউডের তারকারা কে কেমন সাজলেন, তা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চার শেষ নেই। তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন করিনা কাপুর (Kareena Kapoor)। দিওয়ালির দিন নবাব-ঘরনির সাজ দেখে অনেকেরই চোখ জুড়িয়েছিল। ঘিয়ে রঙের কাফতান, মাথায় পাগড়ি আর রাজকীয় গয়নায় করিনাকে লাগছিল একেবারে রানির মতো। কিন্তু কে জানত, এই সাজই তাঁর জন্য এত বড় বিপদ ডেকে আনবে! গলায় একটি বিশেষ লকেট পরার জন্যই সরাসরি আইনি নোটিশ পাঠানো হল অভিনেত্রীকে।
হঠাৎ কেন আইনি নোটিশ?
দিওয়ালির দিন করিনার গলায় জ্বলজ্বল করছিল একটি ৩০ ক্যারেটের বিশাল পান্নার লকেট। আর সমস্যাটা শুরু হল ঠিক সেখান থেকেই। জানা গিয়েছে, ওই লকেটটিতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের দ্বিতীয় অধ্যায় সূরা আল-বাকারার ২৫৫ তম আয়াত। মুসলিমদের কাছে এটি ‘আয়াত-উল-কুরসি’ নামে পরিচিত। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলে সমাজকর্মী আব্বাস হাফিজ এবং মুসলিম সম্প্রদায়ের একাংশ এর তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, পবিত্র আয়াত লেখা কোনও গয়না এভাবে নিছক ফ্যাশনের জন্য পরা একেবারেই উচিত নয়। আর ঠিক সেই কারণেই করিনাকে এই নোটিশ পাঠানো হয়েছে।
করিনার এই রাজকীয় লুকের নেপথ্যে ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপুর। তিনি নিজেই সোশাল মিডিয়ায় খোলসা করেছেন এই গয়নার আসল রহস্য। এই গয়নাটি আসলে ভোপালের রাজপরিবারের। সইফ আলি খানের দিদা সাজিদা সুলতানের থেকে এটি এসেছে নবাব পরিবারে। সাজিদা ছিলেন ভোপালের শেষ নবাবের মেয়ে। বিয়ের পর এই ঐতিহ্যবাহী গয়নাটি সইফের স্ত্রী হিসেবে করিনার হাতে আসে। শুধু লকেট নয়, করিনার মাথায় যে চকচকে কলগিটি ছিল, সেটিও প্রায় ২০০ বছরের পুরনো। এই কলগিটি সইফ নিজের বিয়ের দিন পরেছিলেন।
ডিজাইনার পুনিত বালানার তৈরি কাফতানের সঙ্গে মাথায় সুন্দর টারবান পরেছিলেন করিনা। নিজের এই লুকের ছবি দিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “সঠিকভাবে ঐতিহ্য পালন করাই হল দিওয়ালি।” ছবিগুলো ভাইরাল হতেও সময় নেয়নি। অনেকেই তাঁর স্টাইলের প্রশংসা করেছিলেন। কিন্তু ফ্যাশন করতে গিয়ে যে পরিস্থিতি এতটা জটিল হবে, তা বোধহয় নবাব পরিবার আগে কখনও কল্পনাও করতে পারেনি!